দুবাই ফেরত জামাই বেড়াতে এসে শ্বশুরবাড়িতেই কোয়ারেন্টাইনে, সাভারে ২ প্রবাসীর বিয়ে বন্ধ করে পাঠানো হল কোয়ারেন্টাইনে
রাজশাহীর চারঘাটে শ্বশুরবাড়িতে বেড়াতে এসে হোম কোয়ারেন্টাইনে দুবাই ফেরত জামাই। এ ঘটনায় ওই ব্যক্তির বিষয়ে খোঁজ-খবর রাখা হচ্ছে বলে জানান চারঘাট থানার ওসি সমিত কুমার কুন্ডু।
স্থানীয় সূত্রে জানা গেছে, ৪-৫ দিন আগে দুবাই ফেরত মেয়েজামাই চারঘাটে তার শ্বশুরবাড়িতে আসেন। এ খবর স্থানীয়দের মাঝে ছড়িয়ে পড়লে করোনাভাইরাস নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকাবাসীর মাঝে। খবর পেয়ে থানা পুলিশ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে যোগাযোগ করা হয় দুবাই ফেরত ব্যক্তির শ্বশুরবাড়িতে।
এ বিষয়ে দুবাই ফেরত ওই ব্যক্তির শ্যালকজানান, তার দুলাভাই মাদারীপুর জেলার জনৈক ব্যক্তির ছেলে। কয়েক বছর আগে তিনি দুবাই যান। কয়েকদিন আগে দুবাই ফেরত ব্যক্তির শ্বশুর অসুস্থ হয়ে পড়লে খবর পেয়ে তিনি ৪-৫ দিন আগে দুবাই থেকে বাংলাদেশে আসেন। তার দাবি, বিমানবন্দরে সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করে তিনি সরাসরি চারঘাটে তার শ্বশুরবাড়িতে আসেন। এরপর থেকে তিনি নিজে থেকেই করোনাভাইরাস আতঙ্কে শ্বশুরবাড়িতে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।
মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সমিত কুমার কুন্ডু বলেন, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠিয়ে খোঁজ-খবর নেয়া হচ্ছে। তার শরীরের বিষয়টিও গুরুত্ব সহকারে খোঁজ-খবর নেয়া হচ্ছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশিকুর রহমানের দাবি, খবর পেয়ে সেখানে চিকিৎসক পাঠানো হয়েছিল। তবে ওই ব্যক্তির শরীরে এখন পর্যন্ত করোনাভাইরাসের কোনো লক্ষণ পাওয়া যায়নি। তবে তাকে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার জন্য পরামর্শ দেয়া হয়েছে। তাছাড়া তার বিষয়ে সার্বক্ষণিক নজর রাখা হবে।
নির্দেশনা না মেনে বিয়ের আয়োজন করায় সাভারে জার্মান ও পর্তুগাল ফেরত দুই প্রবাসীর বিয়ে বন্ধ করে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে প্রশাসন। এরই মধ্যে ঘটা করে তাদের বিয়ের আয়োজন চলছিল। কয়েকদিন আগে তারা দেশে ফিরেন এবং শুক্রবার তাদের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হওয়ার কথা ছিল। বৃহস্পতিবার বিকালে বিয়ে বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমান।
সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সায়েমুল হুদা বলেন, আশুলিয়ার গাজীরচট এলাকায় জার্মান ফেরত এক প্রবাসী এবং সাভারের ডগরমোড়া এলাকায় পর্তুগাল ফেরত অপর প্রবাসী নির্দেশনা অমান্য করে বিয়ের আয়োজন করেছিল।
খবর পেয়ে সাভার উপজেলা প্রশাসন তাদের বিয়ে ভেঙ্গে দিয়ে প্রবাসীদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে। এ ঘটনায় কনে পক্ষকেও প্রবাসীদের সঙ্গে বিয়ে না দেয়ার জন্য সতর্ক করা হয়েছে।




