করোনা নিয়ে ইতালির চিকিৎসকের যে স্ট্যাটাস ভাইরাল
ডেস্ক রিপোর্ট : করোনা নিয়ে ইতালির এক চিকিৎসকের লেখা দীর্ঘ একটি স্ট্যাটাস সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ড্যানিয়েল ম্যাকিনি নামে ওই চিকিৎসক গত ৭ই মার্চ স্ট্যাটাসটি দেন। এরপর মূহুর্তেই সেটি ভাইরাল হয়ে যায়। ইতিমধ্যে ইংরেজিসহ বিভিন্ন ভাষায় অনূদিত হয়ে তা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। ওই স্ট্যাটাসের বাংলা অনুবাদও ভাইরাল হয়েছে। স্ট্যাটাসে একজন চিকিৎসক হিসেবে তিনি তার বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেছেন। একইসঙ্গে করোনা ভাইরাসের ভয়াবহতাও তুলে ধরেছেন তিনি।
ইতালির ওই চিকিৎসক বলেছেন, এই রোগ ফ্লুর চাইতেও ভয়াবহ। বিশ্বাস করুন, ফ্লু’র চাইতে অনেক ভিন্নরকমের অসুখ এটি। এই রোগকে দয়া করে তাই ফ্লু বলবেন না। জ্বর অসম্ভব বেশি। এই রোগের বিরুদ্ধে খুব সামান্য কিছু ওষুধ কাজ করে। আমরা সাহায্য করার সাধ্যমত চেষ্টা করে যাচ্ছি, কিন্তু সবকিছুই নির্ভর করছে রোগীর অবস্থার উপর। বৃদ্ধ রোগীরা এই রোগের সঙ্গে যুদ্ধে পেরে উঠছেন না। আমরা কাঁদছি। আমাদের নার্সরা কাঁদছে। সবাইকে বাঁচিয়ে তুলবার সামর্থ্য আমাদের নেই।
তিনি পরামর্শ দিয়ে বলেন, এই রোগ আপনাকে না ছুঁলেও সাবধানে থাকুন। জনসমাগম থেকে দূরে থাকুন। সিনেমায় যাবেন না, মিউজিয়ামে যাবেন না, খেলার মাঠে যাবেন না।
চিকিৎসা দিতে গিয়ে নিজের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে ড্যানিয়েল ম্যাকিনি লিখেছেন, সবাই যুদ্ধ করছি করোনাভাইরাসের বিরুদ্ধে। প্রতি ঘণ্টায় রোগীর সংখ্যা বেড়ে চলছে। ক্রমাগত হাতে আসছে টেস্ট রেজাল্ট। সব পজিটিভ। পজিটিভ। পজিটিভ!
সব রোগীর একরকমের কমপ্লেইন: অসম্ভব জ্বর। শ্বাস কষ্ট। কাশি। ডুবে যাবার মত দমবন্ধ অনুভূতি। প্রায় সবাই ইনটেনসিভ কেয়ারে চিকিৎসা নিচ্ছেন। কেউ কেউ অক্সিজেন মাস্কের নিচেও শ্বাস নিতে পারছেন না। অক্সিজেন মেশিন এখন সোনার চাইতেও দামি।
তিনি লেখেন, যারা আমাদের বলেছিল এই রোগটি তেমন ভয়ংকর নয়, সমস্ত দোষ তাদের। তারা বলেছিল এটি সাধারণ এক ধরনের ফ্লু । কোন ব্যবস্থা নেয়া হয়নি। আর এখন অনেক বেশি দেরি হয়ে গিয়েছে। দয়া করে ঘরের বাইরে বের হবেন না। আমাদের কথা শুনুন। শুধুমাত্র ইমার্জেন্সি কারণ ছাড়া ঘর থেকে বের হবেন না।এই চিকিৎসক আরও বলেন, আমাদের পেশার কারণে আমরা ঘরে থাকতে পারছি না। শেষ মুহূর্ত পর্যন্ত আমরা আমাদের রোগীদের বাঁচানোর আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। দুর্ভাগ্যজনকভাবে আমরা নিজেদের শরীরে অসুখ ও ভগ্নহৃদয় নিয়ে ঘরে ফিরছি। যাদের বাঁচাতে পারছি না তাদের শরীরের কষ্ট কমানোর চেষ্টা করছি।
জনসাধারণের প্রতি তিনি বলেন, দয়া করে বৃদ্ধ মানুষগুলোর দুঃখ অনুভব করার চেষ্টা করুন। তাদের জীবন আপনাদের হাতে। এবং আপনারা আমাদের চাইতে বেশি মানুষের জীবন বাঁচাতে সক্ষম। আপনিই তাদের রক্ষা করতে পারেন। সুত্র: মানবজমিন




