313516

লোকাল বাসে করোনা আতঙ্ক

-কী শুরু করলেন ভাই? হয়তো কাশি থামান অথবা মুখে হাত দেন।
-আপনার কোনো সমস্যা?

-আপনি কাশি দিয়ে আমার সমস্যা করছেন। আপনার জন্য আমি তো বিপদে পড়তে পারি না?

-আপনার জন্য আমি কাশব না? বেশি সমস্যা হলে বাসে চড়ার কী দরকার।

পল্টন থেকে ফার্মগেটগামী দুই যাত্রীর কথোপকথন। ‘৮ নম্বর’ বাসটিতে ঠাসাঠাসি করে বাসের হ্যান্ডেল ও সিট ধরে দাঁড়িয়ে আছেন অন্তত ১৫ জন। এর মধ্যে মাস্ক পরা মানুষের সংখ্যাই বেশি। বোঝা যায় মানুষের মধ্যে সচেতনতা বেড়েছে। কিন্তু ঢাকা শহরের লোকাল বাসে শুধু মাস্ক ব্যবহার করে যাতায়াত করা কতটা নিরাপদ? প্রশ্ন থেকেই যাচ্ছে।

উপরের কথোপকথনের পর বেশ হট্টগোল বেড়ে যায়। এ দুজনের ঝগড়া যুক্ত হলেন আরো কয়েকজন। একজন বললেন, ‘আপনি রুমাল-মাস্ক কিছুই ব্যবহার করেননি। আপনি সুস্থ নাকি অসুস্থ সেটাও আমাদের জানা নেই। সবার মনে হতেই তো পারে, আপনি করোনাভাইরাস ছড়াচ্ছেন। ’ এসব কথা শুনে লোকটি একদম চুপ হয়ে গেলেন।

এবার লোকটি কাশি আসলেই মুখে হাত দিয়ে কাশছেন। কাশির সময় মুখে দেয়া হাত দিয়ে বারবার সিট ধরছেন। এর মানে, কাশি থেকে বের হওয়া কফ বা কোনো জীবাণু ওই সিটে তিনি মাখিয়ে দিচ্ছেন। সেই জায়গায় পরে আরো কয়েকজনকে ধরতে দেখেছি। যা থেকে অন্যের হাতের মাধ্যমে আবার ছড়াচ্ছে জীবাণু।

বাংলামটের অনেকে নামলেন, অনেকে আবার উঠলেন। যাত্রী সংখ্যা আগের চেয়ে কমেছে কিছুটা। পান্থপথে গিয়ে যোগ হলেন আরো কয়েকজন। বাসের কন্ডাক্টর মনোয়ার হোসেন বলেন, ‘গরিব মানুষের জন্য কোনো ভাইরাস নেই। আমাদের এত বেশি সমস্যা, ছোটখাটো ভাইরাসে কিচ্ছু হবে না। প্রতিদিন কত হাজার হাজার মানুষ ওঠে, কিছুই তো হচ্ছে না।’

করোনাভাইরাস প্রকোপের সময়ে শরীরে জ্বর বা সর্দি-কাঁশি বেশি থাকলে বাস, ট্রেন, লঞ্চসহ যানবাহনে ভ্রমণ না করাই ভালো। বিশেষজ্ঞদের মতে. ভাইরাস সংক্রমণ এড়াতে গণপরিবহন ব্যবহারে ‘পিক আওয়ার’ বা সবচেয়ে ব্যস্ত সময়গুলো এড়িয়ে চলা উচিত। সবচেয়ে ভালো হয়, গণপরিবহন ব্যবহার না করলে।

আক্রান্ত কোনো ব্যক্তির হাঁচি বা কাশি থেকে নির্গত ক্ষুদ্র কণাগুলো শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে বা কোনো সমতলে পড়ে থাকলে সেখান থেকে অন্য মানুষের মধ্যে করোনা ছড়াতে পারে। করোনা বাতাসে ভেসে থাকে না। কাজেই মানুষ একে অন্যের যথেষ্ট কাছাকাছি থাকলেই কেবল এটি দ্বারা সংক্রমিত হওয়া সম্ভব। বাসে সংক্রমণের সম্ভাবনা কতটুকু, তা অনেকাংশেই নির্ভর করে সেই ট্রেন বা বাস কতটা জনবহুল তার ওপর।

ad

পাঠকের মতামত