গোমূত্র পার্টির পর গোবর-গোমূত্রের দোকান
প্রাণঘাতী করোনাভাইরাসের হাত থেকে বাঁচতে গোমূত্র পার্টির আয়োজন করেছিলো ভারতের এক সংস্থা। এবার সেই সংস্থা থেকে ‘অনুপ্রেরণা’ পেয়ে গোবর ও গোমূত্রের দোকান খুলে বসেছে দেশটির অনেকে। এসব দোকানে দেদারছে বিক্রি হচ্ছে গোবর ও গরুর চেনা।
হুগলির ডানকুনিতে দিল্লি রোডের ওপর একটি দোকানের সামনে টেবিল পেতে বসে পড়েছেন শেখ মাবুদ আলি। তিনি দেদারসে বিক্রি করছেন গোবর আর গোমূত্র। রীতিমত পেশাদারি ভঙ্গিতে ব্যবসা চালাচ্ছেন মাবুদ।
মাবুদ গাই গরুর মূত্র ৪০০ টাকা প্রতি লিটার এবং বকনার ৫০০ টাকা প্রতি লিটার দরে বিক্রি করছেন। আর গোবর বিক্রি করছেন ৫০০ টাকা কেজিতে।
এই ব্যক্তি কাগজে ইংরেজি, বাংলায় লিখে টাঙিয়ে দিয়েছেন, তার এই গোমূত্র, গোবর করোনা সারানোর মহৌষধ। পরীক্ষা প্রার্থনীয়। তিনি এসব মুখে শুধু বলছেন না, কেউ কৌতূহলী হয়ে দেখতে এলে ছোট্ট গ্লাসে করে মুখে ঢক ঢক করে ঢেলেও দিচ্ছেন।
মাবুদ জানান, ইতিমধ্যেই দু’জন কিনে ফেলেছেন তার ‘ওষুধ’। অন্যরা চেখে দেখেছেন। কেউ কেউ আবার পছন্দ হলে কাল এসে কিনবেন বলেও জানিয়েছেন। মাবুদের দুধের ব্যবসা। তবে হিন্দু মহাসভার গোমূত্র পার্টি তাকে এই নতুন ব্যবসার অনুপ্রেরণা জুগিয়েছে বলেও তিনি জানান।




