বিয়ের পর পরিবর্তন টের পাচ্ছেন সৌম্য
সদ্য বিয়ে করেছেন। বিয়ের পর প্রথমবারের মতো মাঠে নেমেছিলেন সৌম্য সরকার। আর প্রত্যাবর্তনের প্রথম ম্যাচেই দুর্দান্ত এক ইনিংস বেরিয়ে এলো বাঁহাতি এই ব্যাটসম্যানের উইলো থেকে। জিতলো দল, ৩২ বলে হার না মানা ৬২ রানের ইনিংসে ম্যাচসেরাও হলেন সৌম্য।
বিয়ের পরই এমন এক ইনিংস। নতুন জীবন কি সৌম্যর ব্যাটিংয়েও ইতিবাচক প্রভাব ফেলছে? যদিও বিয়ের পর বদলে গেছেন, এখনই এমন দাবি করতে চান না বাঁহাতি এই ব্যাটসম্যান।
সৌম্যর আগে বিয়ে করেছেন জাতীয় দলের আরেক টপঅর্ডার ব্যাটসম্যান লিটন দাস। তার খেলায় বড় পরিবর্তন এসেছে। এখন নিয়মিতই রান পাচ্ছেন। লিটন এর আগে জানান, বিয়ের পর তার মানসিকতায় পরিবর্তন এসেছে। সৌম্যর বেলায়ও কি এমনটা হবে?
বাাঁহাতি এই ব্যাটসম্যান অবশ্য এটা নিয়েই মজাই করলেন। বললেন, পরিবর্তনের আভাস দেখা যাচ্ছে। সৌম্য বলেন, ‘কয়দিনই হলো মাত্র। বিয়ের পর মাত্র একটা ম্যাচ খেলেছি। তবে পরিবর্তন যে হবে, সেটা বোঝা যাচ্ছে (হাসি)।’
বিয়ের পর প্রথম ম্যাচ খেলতে নামায় একটু স্নায়ুচাপে ভুগছিলেন জানিয়ে সৌম্য বলেন, ‘বিয়ের পর প্রথম ম্যাচ খেলছি, কিছুটা চিন্তায় তো ছিলামই। তাই মনোযোগ বেশি দিয়েছি, বেশি ফোকাস ছিলাম।’




