ক্রিকেটার ধোনি এখন ফুচকাবিক্রেতা!
ফুচকা বিক্রি করছেন মহেন্দ্র সিং ধোনি। এমনই একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা গেছে, চামচ দিয়ে ফুচকায় বেশ যত্ন করেই পুর ভরছেন তিনি। এরপরই তা তুলে দিলেন আরপি সিংয়ের প্লেটে। সামনে দাঁড়ানো পীযূষ চাওলা। আসলে ধোনি ফুচকা সার্ভ করার দায়িত্বে থাকা এক ব্যক্তিকে সাহায্য করছিলেন। সাবেক দুই সতীর্থ আরপি সিং ও পীযূষ চাওলার সঙ্গে সস্ত্রীক মালদ্বীপ সফরে আছেন ধোনি। সেখানেই টিম ইন্ডিয়ার সাবেক দুই তারকাকে নিজে হাতে ফুচকা সার্ভ করেন তিনি।
ক্রিকেটের বাইরে সময়টা ভালোই কাটছে তার। গত বছর ইংল্যান্ড বিশ্বকাপ থেকে বিদায়ের পর ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ শেষে ভারত দল এখন নিউজিল্যান্ড সফরে। এর কোনোটিতেই নেই ধোনি। অবসরেরও কোনো বার্তা দিচ্ছেন না।
ধোনির ঘনিষ্ঠমহল বলছে, আইপিএলের আগে তাকে মাঠে দেখা যাবে না। খেলার বাইরে থাকলেও ধোনি ফিটনেস ট্রেনিং করে চলেছেন। সেই সঙ্গে সময় দিচ্ছেন স্ত্রী-মেয়েকে।




