ভাই বোনদের ফাঁসাতে গিয়ে দুই মাসের সন্তানকে হত্যা
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় ভাইবোনদের ফাঁসাতে গিয়ে দুই মাসের কন্যাসন্তানকে হত্যা করেছেন বাবা কালাম সিকদার। সোমবার দুপুরে কালাম ঝালকাঠি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। পরে আদালতের বিচারক ছানিয়া আক্তার তাকে জেলহাজতে পাঠান।
রোববার সকালে উপজেলার পশ্চিম তারাবুনিয়া গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় গতকাল বিকেলে স্বামী কালামকে একমাত্র আসামি করে স্ত্রী তানিয়া আক্তার কাঁঠালিয়া থানায় একটি হত্যা মামলা করেন। পুলিশ কালামকে রাতেই গ্রেফতার করে।
মামলার এজাহারে বলা হয়, জমিজমা নিয়ে কালাম সিকদারের সঙ্গে তার ভাই-বোনদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। রোববার সকাল ৮টার দিকে পশ্চিম তারাবুনিয়া গ্রামের বাড়িতে বিরোধপূর্ণ জমিতে গাছ কাটা নিয়ে কালাম সিকদারের সঙ্গে তার আপন দুই ভাই আফজাল সিকদার, জালাল সিকদার ও তিন বোন রাজিয়া বেগম, নাসরিন বেগম ও নাসিমা বেগমের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তারা কালামকে মারধর করেন।
কালাম এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে তার ভাই-বোনদের দেখে নেয়ার হুমকি দিয়ে নিজের ঘরে ঢোকেন। এ সময় ঘরে ঘুমিয়ে থাকা তার দুই মাস বয়সী মেয়ে জান্নাতি আক্তারকে খাটের পায়া ও দরজার চৌকাঠের সঙ্গে আছড়িয়ে গুরুতর জখম করেন। পরে আহত জান্নাতিকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পরপরই এলাকায় দুই মাসের শিশু জান্নাতি আক্তারকে ভাই বোনেরা হত্যা করেছেন বলে কালাম প্রচার করেন।
কাঁঠালিয়া থানার ওসি পুলক চন্দ্র রায় বলেন, কালাম সিকদার শিশুসন্তান হত্যার দায়ে ভাই আফজালসহ অন্যদের আসামি করে গতকাল কাঁঠালিয়া থানায় লিখিত অভিযোগ করেন। বিষয়টি পুলিশের সন্দেহ হলে স্থানীয় ইউপির চেয়ারম্যান ও বাড়ির লোকজনের সহায়তায় ঘটনার সত্যতা উদঘাটিত হয়।
এরপর কালাম সিকদারকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে। তিনি আদালতে ভাই বোনদের ফাঁসাতে শিশুকন্যাকে খাটের খুঁটির সঙ্গে আঘাত করে নিজেই হত্যার কথা স্বীকার করেন।




