পিরোজপুরে মাকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করল মেয়ে
পিরোজপুরের মঠবাড়িয়ায় সাবেক ব্যাংক কর্মকর্তার স্ত্রী ফিরোজা নাছরিনকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছে মেয়ে তামান্না জেবীন রুমানা। বুধবার সকালে পৌরশহরে উত্তর কলেজ পাড়া এলাকায় নিজ বাসায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার ও মেয়ে তামান্না জেবীন রুমানাকে আটক করেছে পুলিশ। নিহত ফিরোজা নাছরিন অগ্রণী ব্যাংক শাখার সাবেক ব্যাবস্থাপক হেমায়েত উদ্দিনের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফিরোজা নাছরিন তার দুই সন্তান ছেলে রিয়াজ ও মেয়ে তামান্না জেবীন রুমানাকে নিয়ে পৌর শহরের (৬নং ওয়ার্ড) উত্তর কলেজ পাড়ার নিজ বাসায় থাকতেন। গত কয়েকদিন ধরে তার মেয়ে মানসিক ভারসাম্যহীন আচরণ করছিল।
বুধবার সাকালে মা ও বোনকে বাসায় রেখে চিকিৎসক আনতে যায় ছেলে রিয়াজ। এ সময় তামান্না জেবীন রুমানা ঘরের মধ্যে মা ফিরোজা নাছরিনকে একা পেয়ে রান্না ঘরের বটি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে।
পরে রিয়াজ বাসায় এসে দরজায় নক করে। তবে সে সময় দরজা না খুললে স্থানীয়দের নিয়ে বাসার দরজা ভেঙে ঘরের ভেতর প্রবেশ করে। ঘরের ভেতরে ক্ষতবিক্ষত রক্তাক্ত মায়ের মরদেহ দেখতে পেয়ে থানা-পুলিশকে খবর দেয় রিয়াজ।
মঠবাড়িয়া থানার ওসি মো. মাসুদুজ্জামান জানান, মানসিক ভারসম্যহীন মেয়ে তার মাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এ খুনের পেছনে অন্য কোনো কারণ আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।
তিনি আরো জানান, এ হত্যার খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার ও ঘাতক মেয়েকে আটক করা হয়েছে।




