গুলি করা হবে না তো কি বিরিয়ানি খাওয়ানো হবে? : হুমকি বিজেপি মন্ত্রীর
আন্তর্জাতিক ডেস্কঃ দেশদ্রোহীদের গুলি করা হবে না তো কি বিরিয়ানি খাওয়ানো হবে? ভারতের কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের বিতর্কিত মন্তব্যকে সমর্থন জানিয়ে ঠিক একথাই বললেন বিজেপি শাসিত কর্নাটকের মন্ত্রী সিটি রবি।
সোমবার (২৭ জানুয়ারি) দিল্লিতে নির্বাচনী প্রচারে এসে সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে আন্দোলকারীদের কড়া হুঁশিয়ারি দেন অনুরাগ ঠাকুর। তিনি বলেন, ‘দেশদ্রোহীদের গুলি করে মারা উচিত।’
অনুরাগের সেই বক্তব্যকেই এবার সমর্থন কর্নাটকের বিজেপি নেতার। এরই পাশাপাশি অমিত শাহের ‘টুকরে টুকরে গ্যাং’ মন্তব্য নিয়েও সিএএ বিরোধীদের নিশানা করেছেন ওই বিজেপি নেতা।
কর্নাটকের মন্ত্রী সিটি রবি বলেন, ‘জঙ্গী আজমল কাসভ, ইয়াকুব মেননের ফাঁসির বিরোধিতা করে টুকরে টুকরে গ্যাং। এঁরাই সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে মানুষকে মিথ্যে বলছেন, মানুষকে বিভ্রান্ত করছেন। তাঁদের গুলি করে মারা হবে না তো কি বিরিয়ানি খাওয়ানো হবে?’
প্রসঙ্গত, দিল্লির শাহিনবাগে একটানা চলছে মহিলাদের আন্দোলন। নাগরিকত্ব আইন বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।
দিল্লির ভোট প্রচারে বেরিয়ে বিজেপি নেতা–মন্ত্রীদের মুখে রোজই শাহিনবাগ আন্দোলন প্রসঙ্গ উঠে আসছে। এদিকে, অনুরাগ ঠাকুরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে ইতিমধ্যেই নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে কংগ্রেস।




