পাকিস্তানে বিয়ের আসর থেকে হিন্দু মেয়েকে তুলে নিয়ে বিয়ে
আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের সিন্ধু প্রদেশের মতিয়ারি জেলায় বিয়ের আসর থেকে এক হিন্দু মেয়েকে তুলে নিয়ে ধর্মান্তরিত করে মুসলমান ছেলের সঙ্গে বিয়ে দেয়ার অভিযোগ উঠেছে।
প্রদেশের রাজধানী করাচি থেকে প্রায় ২১৫ কিলোমিটার দূরে অবস্থিত হালা শহরে এ বিয়ের আয়োজন চলছিল। কিন্তু বিয়ের মাঝপথে স্থানীয় পুলিশের সহযোগিতায় হামলাকারীরা ২৪ বছর বয়সী ওই নারীকে অপহরণ করে নিয়ে যায়।
ইন্ডিয়া টুডের খবরে বলা হয়, ভারতী বাঈ নামের ওই নারীকে জোর করে তুলি নিয়ে ইসলাম ধর্মে ধর্মান্তরিত করা হয় এবং একজন মুসলমান ছেলের সঙ্গে বিয়ে দেয়া হয়। ওই শহরের এক হিন্দু ছেলের সঙ্গে ভারতীর বিয়ের কথা ছিল।
ভারতী বাঈয়ের বাবা কিশোর দাস জানান, বিয়ের অনুষ্ঠান চলাকালে পুলিশ ও লোকবল নিয়ে শাহরুখ গুল নামে স্থানীয় এক ব্যক্তি তার মেয়েকে অপহরণ করে নিয়ে যায়।
করাচির জামিয়ত উলেমা ইসলামিয়া ভারতীর ধর্ম পরিবর্তনের সার্টিফিকেট দিয়েছে। তাতে দেখা যায়, তার নতুন নাম রাখা হয়েছে বুশরা। ধর্ম পরিবর্তনের সাক্ষী আবু বকর সাইদুর রহমান নামে জনৈক মুফতি। কাগজে বলা হয়েছে- ভারতীর স্থায়ী ঠিকানা হালা, বর্তমান ঠিকানা করাচির গুলশান ইকবাল এলাকা।




