এভাবেই একা ম্যাচ জেতাতে হয়, দেখালেন ওয়াহাব রিয়াজ
অবিশ্বাস্য এক বোলিং ফিগারের মালিক হলেন ঢাকা প্লাটুনের পাকিস্তানি পেসার ওয়াহাব রিয়াজ। তিনি ৩.৩ ওভার বল করে ৫ উইকেট নিয়েছেন মাত্র ৮ রান খরচায়। এই ওয়াহাবের কোনো উত্তর দিতে পারেন নি রাজশাহীর ব্যাটসম্যানরা। ১৭৫ রান তাড়া করতে নেমে রাজশাহী গুটিয়ে গেছে ঠিক ১০০ রানে। অথচ রাজশাহীর শুরুটা ছিল দুর্দান্ত। ঢাকার অধিনায়ক মাশরাফির করা প্রথম ওভার থেকে ১৯ রান তুলে নেন ওপেনার লিটন ও আফিফ। প্রথম তিন ওভারে তারা তোলেন ৩৯। এরপর লিটন সাজঘরে ফেরার সাথে সাথে শুরু হয় মড়ক। এক ওয়াহাব রিয়াজই জিতিয়ে দিলেন ঢাকাকে।
এর আগে, ঢাকা প্লাটুনের ইনিংসের প্রথম দশ ওভার দেখে অতি আশাবাদী সমর্থকও বোধহয় আশা করেন নি বিশ ওভার শেষে দলের স্কোরবোর্ডে জমা পড়বে ১৭৪ রান। প্রথম দশ ওভারে মাত্র ৭২ রান তোলা ঢাকাই পরের দশ ওভারে তুলেছে ১০২ রান। ফার্স্ট গিয়ারে চলতে থাকা ঢাকার ইনিংস টপ গিয়ারে নিয়ে গেছেন পাকিস্তানি প্লেয়ার আসিফ আলী। মাত্র ২৪ বলে ফিফটি পূরণ করে শেষ পর্যন্ত অপরাজিত থেকেছেন ২৬ বলে ৫৫ রান করে। আসিফকে যোগ্য সঙ্গ দিয়েছেন অপরাজিত তামিম ৫২ বলে ৬৮ করে।
টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয় নি ঢাকার। ইনিংসের প্রথম বলেই আন্দ্রে রাসেলের বাউন্সার আঘাত করে আনামুলের কাঁধে। এরপর থেকেই কেমন যেন আটকে যায় ঢাকার রানের চাকা। অন্যদিকে পড়তে থাকে উইকেট। ফরহাদ রেজা তো পরপর দুই বলে দুই উইকেট নিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগিয়েছিলেন। তবে রাজশাহীর পক্ষে সবচেয়ে ভালো করেছেন শোয়েব মালিক। উইকেট না পেলেও তিন ওভার বল করে রান দিয়েছেন মাত্র ১৩।




