308731

একাদশে না থেকেও জাকেরের বিপিএল রেকর্ড

ক্রিকেটকে বলা হয় রেকর্ডের খেলা। তবে রেকর্ড গড়তে সবসময় প্রথম একাদশে থাকতে হয় না এটাই যেনো প্রমাণ করলেন ঢাকা প্লাটুনের জাকের আলী। বিপিএল ইতিহাসে এক ম্যাচে সর্বোচ্চ ডিসমিসালের রেকর্ড গড়েছেন তিনি। একইসঙ্গে টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসেও এটি দ্বিতীয় সর্বোচ্চ ডিসমিসালের রেকর্ড। বিপিএলে জাকের পিছনে ফেলেছেন দেশী-বিদেশী সব উইকেটকিপারকেই।

রোববার (৩০ ডিসেম্বর) রাজশাহী রয়্যালসের বিপক্ষে এ রেকর্ড করেন জাকের আলী। এ ম্যাচে তাকে একাদশে না রেখেই খেলতে নামে ঢাকা প্লাটুন। তবে ফিল্ডিংয়ের সময় নিয়মিত উইকেটকিপার আনামুল হক বিজয়ের বদলে নামেন তিনি। আর এরপর একেরপর এক ক্যাচ ধরে গড়েন বিশ্বরেকর্ড।

এ ম্যাচে সব মিলিয়ে ছয়টি ক্যাচ ধরেছেন জাকের। পিছনে ফেলেছেন বিপিএলে এর আগে এক ম্যাচে পাঁচটি করে ডিসমিসালের মালিক আহমেদ শেহজাদ ও উমর আকমলকে।

টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে এক ম্যাচে সর্বোচ্চ ডিসমিসালের তালিকায় দুইয়ে আছেন জাকের। এক ম্যাচে ৭ ডিসমিসাল করে তালকার শীর্ষে আছেন লংকান উইকেটকিপার ফার্নান্দো। ২০০৫ সালে এই রেকর্ড গড়েন তিনি। তার পরেই এখন থেকে লেখা থাকবে জাকেরের নাম।

ad

পাঠকের মতামত