307950

এবারের বিপিএলের প্রথম সেঞ্চুরিয়ান ফ্লেচারের মুখে ‘ইনশাআল্লাহ’

টি-টোয়েন্টি ক্রিকেট খেলছেন প্রায় ১৩ বছর ধরে। নামের পাশে জমা হয়েছে ১৭৮টি কুড়ি ওভারের ম্যাচ। বিশ্বের নানান প্রান্তে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলার অভিজ্ঞতা রয়েছে তার। কিন্তু ক্যারিয়ারে তিন অঙ্কের সংগ্রহ ছোঁয়া হয়নি আগে। আজ (শনিবার) খুলনা টাইগার্সের বিপক্ষে করেছেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি, ক্যারিয়ার সর্বোচ্চ ইনিংসে ৫৭ বলে ১১ চার ও ৫ ছক্কায় অপরাজিত ছিলেন ১০৩ রান করে।

তার সেঞ্চুরির সুবাদেই আসরের প্রথম জয় পেয়েছে সিলেট থান্ডার। তিনি নিজেও জিতেছেন ম্যাচসেরার পুরষ্কার। ম্যাচ শেষে উচ্ছ্বাস প্রকাশ করেছেন নিজের প্রথম সেঞ্চুরির ব্যাপারে। প্রশংসা করেছেন চট্টগ্রামের উইকেটেরও।

ফ্লেচার বলেন, ‘টি-টোয়েন্টিতে এটাই আমার প্রথম সেঞ্চুরি, আমি অনেক খুশি। যখন জনসন (চার্লস) আমার সঙ্গে ব্যাট করছিল, তখন কিছুই করতে হচ্ছিলো না আমাকে। জুটি বেঁধে দারুণভাবে এগিয়েছি আমরা। ব্যাটিং ইউনিট হিসেবে আমরা দলের পরিকল্পনা বাস্তবায়ন করতে পেরেছি- এটা ভালো লাগছে। বিদেশি খেলোয়াড় হিসেবে দলের জয়ে অবদান রাখাটাই আমাদের কর্তব্য।’

সাগরিকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের উইকেটের ব্যাপারে প্রশংসাবাক্য ঝরেছে সবার কণ্ঠ থেকেই। ফ্লেচার যেন এক ধাপ এগিয়ে। তিনি বলেন, ‘এটা দারুণ একটা উইকেট। যদি আমি এ উইকেটটা বাড়ি নিয়ে যেতে পারতাম!’

টানা চার পরাজয়ের পর পাওয়া জয়ে সামনের দিনগুলোতে সিলেটের ভালো করার পথ খুলে গেছে বলে মনে করেন ফ্লেচার। ভালোভাবে খেলতে পারলে সামনেই দল জিতবে বলতে গিয়ে মুসলিমদের মতো করেই বললেন-ইনশাআল্লাহ।

তিনি বলেন, ‘আপনি যখন খারাপ সময়ের মধ্য যাচ্ছেন, তখন একটা জয়ের অপেক্ষায় থাকেন। এরপর আপনার ক্ষুধা বেড়ে যায় এবং আরও বেশি চান। আমাদের এখান থেকে চালিয়ে নিতে এবং মাঠে পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে হবে। তাহলে ফল এমনিতেই আসবে। নিজেদের কাজগুলো ঠিকভাবে করতে পারলে ইনশাআল্লাহ আমরা জিতবো।’

ad

পাঠকের মতামত