কলকাতার দুস্থ শিশুদের পাশে শাকিব খান
আগেও পশ্চিমবঙ্গের কলকাতায় একাধিক শো করতে দেখা গেছে শাকিব খানকে। এবার পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের ত্রিমোহিনী ঝাঁঝরা ক্লাবের আয়োজনে শাকিব খানের সঙ্গে কলকতার নায়িকা শ্রাবন্তীও পারফর্ম করবেন বলে নিশ্চিত হওয়া গেছে। ‘শ্রাবন্তী ও শাকিব খান নাইট’ শিরোনামের এই অনুষ্ঠানে কলকাতার জনপ্রিয় বেশ ক’জন তারকা শিল্পীও অংশ গ্রহণ করবেন। এই অনুষ্ঠান থেকে প্রাপ্ত অর্থ দুস্থ ও অনাথ শিশুদের সাহায্যে ব্যয় করা হবে বলে জানিয়েছেন আয়োজক কমিটি। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) শাকিব খান বলেন, অনুষ্ঠান থেকে প্রাপ্ত অর্থ দুস্থ ও অনাথ শিশুদের সাহায্যে ব্যয় করা হবে আয়োজকরা এটি বলার পরই এতে পারফর্ম করতে রাজি হই আমি। বলা যায় দায়িত্ববোধের জায়গা থেকেই এ আয়োজনে যাওয়া।




