গরু ‘ট্রাফিক আইন’ না মানলে দিতে হবে জরিমানা!
রাস্তায় দিনের পর দিন গরুর উপদ্রবে অতিষ্ঠ মানুষ। যানজট তো সর্বক্ষণ লেগেই আছে। এ ছাড়া গরুর কারণে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। এ থেকে পরিত্রাণ পেতে এক অভাবনীয় ব্যবস্থা নিতে চলেছে ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমানের কাটোয়া পৌরসভা। তা হলো- ট্রাফিক আইন আর নিয়ম ভাঙলে জরিমানা গুণতে হবে গরুর মালিককে।
স্থানীয় সূত্রের বরাত দিয়ে কলকাতার দৈনিক সংবাদ প্রতিদিন জানিয়েছে, কাটোয়া শহরের স্টেশন বাজার, চৌরাস্তা, কাছারি রোড, সুবোধ স্মৃতি রোড, রেলগেটসহ নানা এলাকায় সকাল হলেই বেশ কিছু গরু রাস্তার দখল নেয়। তারা রাস্তায় ঘুরে ঘুরে ফেলে দেওয়া শাকসবজি খায়।
কখনো দোকানে দোকানে গিয়েও হানা দেয় এসব গরু। তাদের ভয়ে ওই এলাকার নারী ও শিশুরা ভয়ে থাকেন। রাস্তা দিয়ে চলাফেরার সময় কখনো কখনো গরুগুলো পথচারীদের দিকে তেড়ে যায়।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কাটোয়ার অনেক গোপালক তাদের গরুগুলো সারা দিন ছেড়ে রাখেন। কাটোয়া রেলস্টেশনেও বেশ কয়েকটি গরু রোজ চড়ে বেড়ায়। তাদের এই অবাধ গতিবিধির জেরে রেলযাত্রীরা সমস্যায় পড়েন।
এ ব্যাপারে কাটোয়া পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন, ‘রাস্তায় গরুগুলো অবাধে চড়ে বেড়াচ্ছে। ফলে প্রচুর সমস্যা হচ্ছে সাধারণ মানুষের। দুর্ঘটনা ঘটছে। এজন্য প্রথমে ওই গরুর মালিকদের সতর্ক করা হবে। তাতে কাজ না হলে গরুগুলো ধরে খোঁয়ারে পাঠানোর ব্যবস্থা করা হবে। প্রয়োজনে আমরা গরুর মালিকদের জরিমানাও করবো।’




