১ কেজি দুধে আধা মণ পানি মেশানোর ভিডিও ভাইরাল(ভিডিও)
সামাজিক যোগাযোগ মাধ্যমে স্কুলের মিড-ডে মিলে এক কেজি দুধে প্রায় ২০ কেজি পানি মিশিয়ে ৮১ জন শিক্ষার্থীকে খাওয়ানোর একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভারতের উত্তরপ্রদেশের সনভদ্র জেলার একটি স্থানীয় স্কুলে এমন ঘটনা ঘটেছে। খবর এনডিটিভি।
ভিডিওতে দেখা গেছে, সরকারি মিড-ডে মিল কর্মসূচির অংশ হিসেবে এক কেজি গুঁড়ো দুধের একটি প্যাকেট, একটি পাতিলের পানিতে মেশানো হচ্ছে। গরম করার পর একজন নারী ওই দুধ গ্লাস (এক পোয়া) হাতে অপেক্ষমাণ স্কুলের ৮১ জন শিক্ষার্থীকে একে একে পরিবেশন করছেন।
খবরে বলা হয়, সনভদ্রার চোপানের ওই স্কুলের মোট শিক্ষার্থী ১৭১ জন। গত বুধবার যখন মিড-ডে মিলের দুধ পরিবেশন করা হচ্ছিল, তখন ৮১ জন শিক্ষার্থী উপস্থিত ছিলো।একজন পঞ্চায়েত সদস্য এই দৃশ্যের ভিডিও ধারণ করেন।
এর আগে শিক্ষার্থীদের মিড-ডে মিল জালিয়াতি ফাঁস করে দেয়ার ঘটনায় পুলিশ এক সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলো।এ বিষয়ে জেলা শিক্ষা কর্মকর্তা মুকেশ কুমার বলেছেন, ভিডিওটি নজরে আসার পর ওই দিনই স্কুলটিতে আরও দুধ সরবরাহ করা হয়েছে।
তবে সঠিক পরিমাণ দুধ থাকা সত্ত্বেও কেন শিশু শিক্ষার্থীদের পর্যাপ্ত দুধ সরবরাহ করা হয়নি তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।




