শনিবার থেকে শুরু জেএসিসি-জেডিসি পরীক্ষা
২০১৯ শিক্ষাবার্ষের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা আগামীকাল শনিবার (২ নভেম্বর) থেকে শুরু হচ্ছে। শিক্ষার্থীরা এ পরীক্ষায় ৭ বিষয়ে মোট ৬৫০ নম্বরের পরীক্ষা দিবে। ইংরেজি বিষয় ছাড়া বাকি সকল বিষয়ে সৃজনশীল পদ্ধতিতে অনুষ্ঠিত হবে এ পরীক্ষা।
এ বছর সারা দেশে মোট ২৯ হাজার ২৬২টি পরীক্ষা কেন্দ্রে জেএসসি ও জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। কেন্দ্রের এই সংখ্যা গত বছরের চেয়ে ৪১৫টি কম।
এবার সারাদেশে মোট ২৬ লাখ ৬১ হাজার ৬৮২ জন শিক্ষার্থী জেএসসি-জেডিসি পরীক্ষায় অংশ নেবে। এর মধ্যে ১২ লাখ ২১ হাজার ৬৯৫ জন ছাত্র ও ১৪ লাখ ৩৯ হাজার ৯৮৭ জন ছাত্রী।
২০১৯ সালের জেএসডি পরীক্ষায় অনিয়মিত ২ লাখ ৩৩ হাজার ৩১০ জন ও জেডিসি পরীক্ষায় ৩০ হাজার ২৯১ জন পরীক্ষার্থী রয়েছে। এছাড়া বিদেশের মোট ৯টি কেন্দ্রে ৪৫৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে।
পরীক্ষা চলাকালীন ১৫ নভেম্বর পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ থাকবে। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নপত্র ফাঁস নিয়ে গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।




