হঠাৎ ক্রিকেটারদের ধর্মঘটে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে: ক্রীড়া প্রতিমন্ত্রী
ক্রিকেটারদের ১১ দফা দাবিতে আন্দোলনের বিষয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল মনে করেন, তাদের ধর্মঘটের ডাক দেওয়ার আগে পুরো বিষয়টি নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে আলোচনা করতে পারতেন। তাদের বিষয়টি জানাতে পারতেন। শুরুতেই এমন কঠোর লাইনে যাওয়ায় ক্রিকেট বিশ্বে এ দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলেও মনে করছেন তিনি।
তবে ক্রিকেটারদের দাবিদাওয়ার প্রতি সহানুভূতিশীল মন্ত্রীর আশা, সব সমস্যা আলাপ-আলোচনার মাধ্যমেই সমাধান হবে। আন্দোলন করা বা ধর্মঘটে যাওয়ার আগে ক্রিকেটাররা বিষয়টি বিসিবিকে জানানোর উচিক ছিল বলে মনে করেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, ধর্মঘটে যাওয়ার আগে আমাকেও জানাতে পারত। প্রথমেই হার্ডলাইনে যাওয়া তাদের উচিত হয়নি। এতে ক্রিকেট দুনিয়ায় দেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আমি ক্রিকেটারদের দাবি দাওয়ার প্রতি সম্পূর্ণ সহানুভূতিশীল। বিসিবির সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমেই বিষয়টি সমাধান করা যাবে বলে আমি মনে করি।
জাহিদ আহসান মনে করেন, এই সমস্যা সমাধানে বিসিবির পুরো অর্থনৈতিক সামর্থ্য রয়েছে, ‘এমন তো নয় যে বিসিবির অর্থনৈতিক সমস্যা আছে। তাই এটির সমাধানও তারা সহজেই করতে পারবে। বোর্ডের সঙ্গে আমি কথা বলেছি। আলাপ-আলোচনা করেই সিদ্ধান্ত নিতে বলেছি।
উল্লেখ্য, আজ সোমবার সাংবাদিক সম্মেলন ডেকে ১১ দফা দাবি উপস্থাপন করেন ক্রিকেটাররা। এসব দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেটের সমস্ত ম্যাচ এমনকী অনুশীলন থেকেও বিরত থাকার ঘোষণা দিয়েছেন ধর্মঘটে নেতৃত্ব দেওয়া বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান। তাদের এই নজিরবিহীন আন্দোলনকে অনেকদিনের পুঞ্জীভূত ক্ষোভের বিস্ফোরণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। যে সমস্যাগুলোর কথা তুলে ধরেছেন ক্রিকেটাররা, সেগুলো বহু দিন ধরেই বলা হচ্ছিল। কিন্তু বিসিবি কর্ণপাত করেনি।






