পিঠের ব্যথায় ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে নেই সাইফউদ্দীন!
ক্রিকেট অনুরাগী, বিশেষ করে বাংলাদেশ ভক্ত ও সমর্থকদের জন্য দুঃসংবাদ; ভারতের সাথে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলা হচ্ছে না অলরাউন্ডার সাইফউদ্দীনের। এই তো সেদিন ঘোষিত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে তার নাম থাকলেও সেই পুরনো পিঠের ব্যাথা মাথা চাড়া দিয়ে ওঠায়, শেষ মুহূর্তে সাইফউদ্দীনের ভারত যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে।
প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর কথা শুনে মনে হচ্ছে সাইফউদ্দীন ভারতের বিপক্ষে তিন ম্যাচে টি-টোয়েন্টি সিরিজে অংশ নিতে পারবেন না।
আজ সন্ধ্যায় এ বিষয়ে প্রধান নির্বাচক বলেন, আমরা ধরেই নিয়েছি সাইফউদ্দীন ভারতে টি-টোয়েন্টি সিরিজ খেলতে পারবে না। তবে আজ আনুষ্ঠানিক ঘোষণা দেবো না। সেটা কাল সোমবার সকাল ১১ টায় দেয়া হবে। কাজেই এখন আনুষ্ঠানিকভাবে লতে পারছি না যে সাইফউদ্দীন ভারতের টি-টোয়েন্টি সিরিজ মিস করবে।’
নান্নু আরও বলেন, ‘তবে কাল সোমবার সকালে শেষবারের মত তাকে খুঁটিয়ে দেখা হবে। তখনই আসবে ঘোষণা। আমরা ধরেই নিয়েছি, ভারতের সাথে টি-টোয়েন্টি সিরিজে সাইফউদ্দীনকে পাওয়া যাবে না।’
এদিকে সাইফউদ্দীন খেলতে না পারলে তার বিকল্প হিসেবে কাকে নেয়া হবে দলে? এ প্রশ্ন করা হলে নান্নু জানান, ‘সেটা ঠিক করা হয়নি। আদৌ কাউকে পাঠানো হবে কি না? সেটাও নিশ্চিত নয়। যেহেতু এমনিতেই ১৫ জনের দল দেয়া ছিল, তাই একজন কমে গেলেও সমস্যা নেই। কাউকে আর নতুন করে নাও নিতে পারি।’ৎ
সূত্রঃ জাগো নিউজ




