প্রেমিকার বাড়িতে প্রেমিকের আত্মহত্যার চেষ্টা
গভীর রাতে প্রেমিকার বাড়িতে গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন স্বপন কুমার নুনিয়া নামে এক বিবাহিত প্রেমিক। বিষয়টি টের পেয়ে পরিবারের লোকজন চিৎকার করে রশি কেটে প্রেমিক স্বপনকে জীবিত অবস্থায় উদ্ধার করেছেন।
ঘটনাটি ঘটেছে বুধবার (১৭ অক্টোবর) রাতে কমলগঞ্জ উপজেলার মাধবপুর চা বাগানের পশ্চিম লাইন শ্রমিক বস্তিতে। এ ঘটনার পর পুলিশ প্রেমিক ও প্রেমিকাকে আটক করে থানায় নিয়ে যায়।
মাধবপুর চা বাগান সূত্রে জানা যায়, চা বাগানের ইউপি সদস্যা সুমিত্রা বালা নুনিয়ার ছেলে স্বপন কুমার নুনিয়া বিবাহিত হলেও পশ্চিম লাইন শ্রমিক বস্তির রামু রবিদাসের স্বামী পরিত্যক্তা মেয়ে (শান্তি রবিদাসের) সাথে প্রেমের সম্পর্ক গড়ে দীর্ঘ দিন ধরে অনৈতিকভাবে মেলামেশা করে আসছিলো। রাতে অনৈতিক মেলামেশার কারণে চা শ্রমিকরা তাদেরকে আটক করে নিজ নিজ বাড়িতে ফেরৎ পাঠিয়ে দেয়।
এ ঘটনার পর রাতে প্রেমিকা শান্তি রবিদাস প্রেমিক স্বপন নুনিয়ার বাড়িতে গিয়ে তাকে গ্রহণ করে নেওয়ার জোর দাবি জানালে স্বপনের মা ইউপি সদস্যা সুমিত্রা বালা তাকে ধমক দিয়ে ফেরৎ পাঠান। এরপর আবার প্রেমিক স্বপন প্রেমিকার বাড়িতে গিয়ে তার কক্ষেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। ঘটনাটি টের পেয়ে বাড়ির লোকজন চিৎকার দিলে চা শ্রমিকরা এগিয়ে এসে রশি কেটে স্বপনকে জীবিত অবস্থায় উদ্ধার করে। পরে ভোর ৫টায় পুলিশ এসে প্রেমিক ও প্রেমিকা দু’জনকে থানায় নিয়ে যান।
মাধবপুর ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান পুষ্প কুমার কানু বলেন, চা বাগানে সামাজিক প্রথা খুবই শক্ত। এ ঘটনাটি দুই সম্প্রদায়ের সমাজপতি ও প্রতিনিধিরা সামাজিক বৈঠক করে সমাধান করার চেষ্টা করছেন।
কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক ফরিদ মিয়া বলেন, বিকেলে স্থানীয় জনপ্রতিনিধির জিম্মায় মুচলেখার মাধ্যমে তাদের ছেড়ে দেয়া হয়েছে। কোন পক্ষই কারো বিরুদ্ধে অভিযোগ করছেন না। তারা চা বাগানে সামাজিক বৈঠক করে সমস্যার সমাধান করতে চাইছেন। তাই এ ঘটনায় আইনী কোন ব্যবস্থা গ্রহন করা হয়নি।




