অনাকাঙ্খিত গোলাগুলিতে এক বিএসএফ সদস্য নিহত: স্বরাষ্ট্রমন্ত্রী
সীমান্তে মাছ ধরাকে কেন্দ্র করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র বেশ কয়েকজন সদস্য রাজশাহী চারঘাট সীমান্তের ৫’শ গজের ভেতরে প্রবেশ করলে অনাকাঙ্খিত গোলাগুলিতে এক বিএসএফ সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খানবেসরকারি টেলিভিশন যমুনা টিভিকে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি এ তথ্য জানতে পেরেছি বিজিবির মাধ্যমে। তিনি জানান, এসময় কয়েকজনকে আটক করলে তারমধ্যে একজন বিএসএফ জওয়ানও ছিল। তাকে পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তর করার কথা জানালে তারা পালানোর চেষ্টা করে এবং ওপেন ফায়ার করে তখন আমাদের সীমান্তরক্ষী বাহিনীও পাল্টা ওপেন ফায়ার করলে তাতে অনাকাঙ্খিতভাবে এক জওয়ান নিহত হয়।
স্বারাষ্ট্রমন্ত্রী জানান, ভারতের সাথে আামদের ভালো সম্পর্ক রয়েছে তাই এধরণের ঘটনা ঘটলে আমরা পতাকা বৈঠকের মাধ্যমে এগুলো সমাধান করি। এটি একটি অনাকাঙ্খিত ঘটনা।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রাজশাহীর চারঘাট উপজেলা সদরের বালুঘাট এলাকায় পদ্মা ও তার শাখা বড়াল নদীর মোহনায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর একজন ভারতীয় জেলেকে আটক করে বিজিবির চারঘাট করিডর সীমান্ত ফাঁড়িতে আনা হয়েছে। জব্দ করা হয়েছে তার ইলিশ শিকারের জালও।




