এমপি থেকে শুরু করে ইউনিয়ন পরিষদের মেম্বাররাও এখন এলাকায় থাকেন না : রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছেন, শুধু ভালো রেজাল্ট অর্জন করলেই চলবে না, শিক্ষার গুণগত মান উন্নয়ন না হলে প্রতিযোগিতায় টিকে থাকা যাবে না।নিজেকে এমনভাবে গড়ে তুলতে হবে যাতে বিসিএসের মতো প্রতিযোগিতামূলক পরীক্ষায় টিকা যায়। এজন্য শিক্ষকদের আরও বেশি দায়িত্বশীল হতে হবে।
রোববার বিকেলে কিশোরগঞ্জের ইটনা উপজেলায় রাষ্ট্রপতি আবদুল হামিদ সরকারি কলেজ মাঠে নাগরিক কমিটি আয়োজিত এক সুধী সমাবেশে এসব কথা বলেন রাষ্ট্রপতি।কিশোরগঞ্জ-৪ আসনের এমপি রেজওয়ান আহম্মদ তৌফিকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- কিশোরগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জিল্লুর রহমান, পাবলিক প্রসিকিউটর শাহ আজিজুল হক,
ইটনা উপজেলা চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান, ইটনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইসমাইল হোসেন, রাষ্ট্রপতি আবদুল হামিদ সরকারি কলেজের অধ্যক্ষ ইসলাম উদ্দিন ও জেলা আওয়ামী লীগ সদস্য বজলুর রহমান প্রমুখ।
হাওরের তিন উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাপক উন্নতি হয়েছে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, এতো সুযোগ-সুবিধা দেয়ার পরও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ঠিকমতো লেখাপড়া হচ্ছে না বলে আমার কাছে অভিযোগ আসে।
অনেক প্রতিষ্ঠানের অধ্যক্ষরা এলাকায় না থেকে জেলা শহরে বাস করেন। তাদের উদ্দেশ্যে বলছি, এখন থেকে অবশ্যই এলাকায় থেকে শিক্ষাদান করতে হবে। যদি ভালো না লাগে তাহলে চলে যান।
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে থেকে দায়িত্ব পালনের নির্দেশ দিয়ে রাষ্ট্রপতি বলেন, আগে হাওর এলাকায় কোনো সুযোগ-সুবিধা ছিল না। এখন সুযোগ-সুবিধা বেড়েছে, অনেক উন্নয়ন হয়েছে। কাজেই হাওরবাসীকে এলাকায় থেকে সেবা দিতে হবে। দায়িত্বে অবহেলা কোনাভাবেই মেনে নেয়া হবে না।
জনপ্রতিনিধিদের এলাকায় না থাকার সমালোচনা করে তিনি বলেন, এমপি থেকে শুরু করে ইউনিয়ন পরিষদের মেম্বাররাও এখন এলাকায় থাকেন না, তারা জেলা শহর কিংবা রাজধানীতে থাকেন। এলাকার মানুষ প্রয়োজনে জনপ্রতিনধিদের পাশে পায় না। এভাবে চলতে পারে না। যারা এলাকায় থাকতে পারেন না, তাদের জনপ্রতিনিধি হওয়া উচিত নয়।
হাওর এলাকা নিয়ে নিজের স্বপ্ন ও পরিকল্পনার বর্ণনা দিয়ে রাষ্ট্রপতি বলেন, হাওরকে আমি অনেক দূর নিয়ে যেতে চাই। এখানে সবগুলো উপজেলায় রেসিডেনসিয়াল স্কুল, ধান গবেষণা ইনস্টিটিউট, মাছ গবেষণা ইনস্টিটিউট ও ফ্লাইওভার করে যোগাযোগ ব্যবস্থার আরও উন্নয়ন ও কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই। এজন্য সহযোগিতা প্রয়োজন। হাওর যেন দেশের উন্নয়নে জোরালো ভূমিকা রাখাতে পারে সেই হাওরের স্বপ্ন দেখি আমি।




