ফের বিএসএফের গুলি কেড়ে নিল বাংলাদেশি রাখালের প্রাণ
চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে জহুরুল ইসলাম (৩০) নামে এক বাংলাদেশি গরু রাখাল নিহত হয়েছেন। রোববার ভোরে জেলার শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত জহুরুল ইসলাম শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপুর ঠুঠাপাড়া এলাকার আব্দুল কাদিরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, জোহরুলসহ কয়েকজন বাংলাদেশি রাখাল গরু আনার জন্য শনিবার দিবাগত রাত ৩টার দিকে মাসুদপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে। এ সময় বিষয়টি টের পেয়ে ভারতের শোভাপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা গুলিবর্ষণ করলে ঘটনাস্থলে জোহরুল ইসলাম নিহত হন।
পরে তার সহযোগীরা জোহরুলের লাশ উদ্ধার করে আনলে পরিবারের লোকজন গোপনে তার নানির বাড়ি বালুটুঙ্গি এলাকায় লাশটি দাফন করে। এ ব্যাপারে ৫৩ বিজিবিরি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুবুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টির খোঁজ-খবর নিয়ে পরে বিস্তারিত জানাবেন বলে জানিয়েছেন।




