301909

ফারাক্কায় নয়, নদীর পানি বাড়ছে বৃষ্টিতে: পানি উন্নয়ন বোর্ড

বাংলাদেশের বন্যা পরিস্থিতিতে ভারতীয় অংশের ফারাক্কা বাঁধের কোনো প্রভাব নেই বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এমনকি এখন দেশের নদীগুলোর পানি বেড়ে যে বন্যার সৃষ্টি হয়েছে সেটি অতিবর্ষণ কারণেই হচ্ছে বলে জানিয়েছেন তারা। মঙ্গলবার মতিঝিলে পানি উন্নয়ন বোর্ডের কার্যালয়ে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুজ্জামান ভূঁইয়া গণমাধ্যমকে এ কথা বলেন।

তিনি বলেন, এই যে বন্যা পরিস্থিতি, এই পরিস্থিতিতে আসলে ভারতীয় অংশের ফারাক্কা বাঁধের কোনো প্রভাব নেই। এই মৌসুমে ভারত অংশের ফারাক্কা বাঁধের গেইটগুলো খোলাই থাকে। এই সময় নদী যে আচরণ করে তা খুবই স্বাভাবিক আচরণ।

আরিফুজ্জামান ভূঁইয়া বলেন, গত জুলাই মাসের বন্যাও হয়েছিল ভারী বৃষ্টির কারণে। মৌসুমী বৃষ্টিপাতের কারণে এখন একই ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই কর্মকর্তা বলেন, বাঁধের একাংশ ওইখানে আগে থেকেই খোলা ছিল। এখন আমাদের দেশে যে পানিটা আসছে সেটা বৃষ্টিপাতের কারণে।

ভারী বৃষ্টির কারণে ভারতের বিহারের পাশাপাশি পশ্চিমঙ্গের কিছু এলাকাতেও বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে জানিয়ে আরিফুজ্জামান বলেন, “ভাটির দেশ হওয়ায় সেই পানিটা অবশ্যই আমাদের অংশের নদ-নদী দিয়ে প্রভাহিত হবে। বৃষ্টিপাত কমে গেলে আমাদের মধ্যাঞ্চল হয়ে পানিটা নেমে যাবে। ফলে আতঙ্কিত হওয়ার কারণ নেই।”

এর আগে প্রবল বর্ষণে প্লাবনের সৃষ্টি হওয়ায় গতকাল সোমবার ফারাক্কা বাঁধের সব লকগেট খুলে দিয়েছে ভারত সরকার। ফলে মুর্শিদাবাদের একাংশ ও বাংলাদেশে প্লাবনের আশঙ্কা তৈরি হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়।

ad

পাঠকের মতামত