খুলনায় আ.লীগ কার্যালয়ে বোমা বিস্ফোরণ: আইএসের দায় স্বীকার
খুলনা প্রতিনিধিঃ খুলনা মহানগরীর ৩৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার ওই ঘটনায় কেউ হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।
নগরের খানজাহান আলী থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ হোসেন বিস্ফোরণের অল্প সময় আগে ওই কার্যালয় থেকে বেরিয়ে যান। তিনি বের হয়ে যাওয়ার পর কার্যালয়ে আর কেউ ছিলেন না।
এই ঘটনার প্রতিবাদে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা তাৎক্ষণিকভাবে খুলনা–যশোর মহাসড়কের শিরোমণি এলাকায় বিক্ষোভ মিছিল বের করেন। ঘটনার পরপরই খুলনা মহানগর পুলিশের (কেএমপি) ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
স্থানীয়রা জানান, মাগরিবের নামাজের আগে নেতা–কর্মীদের নিয়ে দলীয় কার্যালয়ে ছিলেন থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ হোসেন। তিনি মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগ দেয়ার জন্য রওনা হওয়ার কিছু সময় পর কার্যালয়ে বিকট শব্দে বিষ্ফোরণ ঘটে। কার্যালয়ের মধ্যে থাকা চেয়ার, টেবিল দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলে লোহার টুকরো, ভাঙা বোতল, তারসহ কিছু আলামত দেখা গেছে।
ওই কার্যালয়ে ছিলেন শিরোমণি উত্তরপাড়ার সুমন গাজী। তিনি বলেন, প্যান্ট পরা মধ্য বয়সী এক ব্যক্তি দলীয় কার্যালয়ের মধ্যে একটি ব্যাগ রেখে টয়লেট করার কথা বলে বাইরে চলে যান। এর এরপরই ওই বিস্ফোরণের ঘটনা ঘটে।শেখ আবিদ হোসেন বলেন, তিনি দলীয় কার্যালয় থেকে বেরিয়ে খুলনার উদ্দেশ্যে যাওয়ার পথে ওই ঘটনার খবর শুনে ঘটনাস্থলে যান।
খানজাহান আলী থানার পরিদর্শক (তদন্ত) মো. কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।এদিকে, আইএস এই বোমা বিস্ফোরণের দায় স্বীকার করেছে বলে সাইট ইন্টেলিজেন্স ((মার্কিন বেসরকারি সংস্থা যারা জঙ্গি কর্মকাণ্ড প্রকাশ করে থাকে) সোমবার (১ অক্টোবর) জানিয়েছে।
সাইট ইন্টেলিজেন্স এর রিতা কাটজ সোমবার (১ অক্টোবর) রাতে তার অফিসিয়াল টুইটার একাউন্টে বলেন, দেশের তৃতীয় বৃহত্তম শহর খুলনায় আওয়ামী লীগের কার্যালয়ে বোমা বিস্ফোরণ ঘটিয়েছে আইএস। যা চলতি বছরে আইএসের ষষ্ঠ হামলা এবং ঢাকার বাইরে প্রথম আক্রমণ।




