ছাত্রীর ছোট্ট সন্তানকে পিঠে বেঁধে ক্লাস নিয়ে প্রশংসিত শিক্ষিকা
আন্তর্জাতিক ডেস্কঃ কলেজের ক্লাসে এক ছাত্রীর সন্তানকে আগলে রেখেছেন শিক্ষিকা। তাও আবার যেমন-তেমন করে নয়। একেবারে পিঠে বেঁধে ঘণ্টার পর ঘণ্টা ক্লাস নিলেন; খাইয়েও দিলেন। আর এসব তিনি করলেন যাতে তার ছাত্রী সহজেই মন দিয়ে ক্লাসটি করতে পারেন। এমন দৃশ্য সত্যিই বিরল। আর সেটাই প্রমাণ হয়েছে জর্জিয়ার এক কলেজে। আর সেই দৃশ্য নজরও কেড়েছে বিশ্ববাসীর।
তখন জোরকদমে ক্লাস চলছে অ্যানাটমির। ক্লাস নিচ্ছেন শিক্ষিকা। লরেন্সভিলের জর্জিয়ার গিনেট কলেজের ড. রামাতা সিসোকো সিস সম্প্রতি ক্লাস চলাকালীন তার ছাত্রীর সন্তানকে নিজের হেফাজতে রেখে ক্লাস করিয়ে এক অসামান্য নজির গড়েন। অ্যানাটমি, ফিজিয়োলজি ও জীববিজ্ঞানের সহকারী অধ্যাপক ড. সিস জানিয়েছেন, তার ওই ছাত্রী বাচ্চাকে সামলানোর জন্য কোনো আয়া পাননি। তাই বাচ্চাকে সঙ্গে নিয়েই ক্লাস করতে এসেছিলেন।
সিসের কথায়, ওই ছাত্রী আমাকে জিজ্ঞাসা করেছিল ক্লাসে বাচ্চাকে নিয়ে আসা যাবে কিনা। ইতোমধ্যে ওই ছাত্রী ক্লাস মিস করেছে এবং পিছিয়েও গেছে। সামনে পরীক্ষা রয়েছে। আর পেছাতে চাইছিল না। তিনি আরো বলেন, আমি জানতাম ওই ছাত্রী খুব স্মার্ট এবং পড়াশোনাতেও ভালো। সত্যিই শিখতে চাইতো। অধ্যাপকের ওই ছাত্রী তথা শিশুটির মা যখন সন্তানকে নিয়ে ক্লাস করতে আসেন তখন ড. সিস বুঝতে পারেন কোলে বাচ্চাকে নিয়ে ক্লাসে মন দেয়া সমস্যা ও অসুবিধার।
সিস বলেন, আমার দেশের বাড়ি মালিতে আমরা বাচ্চাদের নিরাপদে পিঠে বেঁধে রাখার জন্য চাঁদর এবং কাপড়ের অন্যান্য টুকরো ব্যবহার করি। আমার স্বাভাবিক প্রবৃত্তিই ছিল শিশুটিকে সুরক্ষিত রাখার উপায় খুঁজে বের করা। আমি তখন একটি পরিষ্কার ল্যাব কোট রাখার তাকের পাশেই দাঁড়িয়ে ছিলাম।
ছাত্রীকে সাহায্য করতে ওই শিক্ষিকা শিশুটিকে তার পিঠে বেঁধে নেন এবং তিন ঘণ্টা ধরে শিশুটিকে নিজের কাছেই যত্নে রাখেন যাতে তার মা মন দিয়ে ক্লাসের নোট নিতে পারেন।
সিসের মেয়ে অ্যানা ক্লাস নেয়ার সময় তার মায়ের একটি ছবি শেয়ার করেছেন ট্যুইটারে। শুক্রবার পোস্ট করা ওই ছবিটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। অনলাইনে শেয়ার হওয়ার পরে ছবিটি হাজার হাজার মানুষ লাইক দিয়েছেন এবং সিসের প্রশংসা করেছেন। গত মার্চে মোরহাউস কলেজের একজন গণিতের অধ্যাপক একইভাবে ক্লাসে লেকচার দেয়ার সময় এক শিক্ষার্থীর বাচ্চাকে সামলে রেখে সবার মন জয় করেছিলেন।
my mom is my role model.
her student couldn’t find a babysitter today & being the true African mother that she is, taught a THREE hour class with the baby on her back & fed him.
I’m so blessed to be raised by a woman who loves the world as much as her own children. pic.twitter.com/6yuynJhuPw
— AK 🖤 (@AnnaKhadejah) September 20, 2019




