301017

যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দেওয়া ছিল বড় ভুল: ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক- নাইন-ইলেভেনের হামলার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে তথাকথিত সন্ত্রাসবিরোধী জোটে যোগ দেওয়া পাকিস্তানের সবচেয়ে বড় ভুল ছিল বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। সোমবার (২৩ সেপ্টেম্বর) কাউন্সিল অন ফরেইন রিলেশনস (সিএফআর) এর বৈঠকে এ কথা বলেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে হিন্দুস্থান টাইমস।

এদিন ইমরান বলেন, পূর্বে পাকিস্তানের আর্মি ও গোয়েন্দা সংস্থা (আইএসআই) আল কায়েদা জঙ্গিদের প্রশিক্ষণ দিয়েছিল যাতে তারা আফগানিস্তানে যুদ্ধ করতে পারে।

তিনি বলেন, ৯/১১ এর পর পাকিস্তান যুক্তরাষ্ট্রের সঙ্গে জোট বেঁধে সবচেয়ে বড় ভুল করেছে। প্রায় ৭০ হাজার পাকিস্তানি এরপর মারা গেছে। অর্থনীতিবিদরা বলছেন, পাকিস্তানের ১৫০ থেকে ২০০ বিলিয়ন ডলারের অর্থনৈতিক ক্ষতি হয়েছে। মার্কিনীদের হয়ে আফগানিস্তানে জিততে পারিনি বলে আমাদের দোষারোপও করা হচ্ছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও বলেন, পাকিস্তানি আর্মি ও গোয়েন্দা সংস্থা আইএসআই আল কায়েদা ও এধরনের সংগঠনগুলোকে পূর্বে প্রশিক্ষণ দিয়েছে। তাই তাদের মধ্যে সম্পর্ক সবসময়ই ছিল। এসব সংগঠনের বিরুদ্ধে যখন আমি ১৮০ ডিগ্রি ঘুরে ব্যবস্থা নিতে চেয়েছি সবাই আমার সঙ্গে একমত হয়নি, সেনাবাহিনীর অনেকেও না।

এদিকে পাক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে সাক্ষাত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে এই দুই রাষ্ট্রনেতার মধ্যে সাক্ষাৎ হয়েছে। কাশ্মীর সমস্যা সমাধানে যুক্তরাষ্ট্রকে এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী ইমরান খান।

সে সময় ট্রাম্প জানিয়েছেন দু’দেশের মধ্যকার এই সমস্যা সমাধানে তিনি মধ্যস্থতা করতেই পারেন। কিন্তু সেক্ষেত্রে ভারত এবং পাকিস্তানকেও সম্মত হতে হবে। এর আগেও দু’দেশের মধ্যে মধ্যস্ততার ইচ্ছা প্রকাশ করেছিলেন ট্রাম্প।

ad

পাঠকের মতামত