স্ত্রী পিছু নেয়ায় স্বামীর আ’ত্মহ’ত্যা
স্বামী পরকীয়া প্রেমিকার সঙ্গে দেখা করতে যাচ্ছেন এমন সন্দেহে পিছু নিয়েছিলেন স্ত্রী। এ অভিমানে আ’ত্মহ’ত্যা করেছেন স্বামী মইনুল ইসলাম উজ্জ্বল। মঙ্গলবার দুপুরে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সরমংলা খালপাড়ের একটি গাছে ফাঁস দেন উজ্জ্বল। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। উজ্জ্বল উপজেলার আমতলী হঠাৎপাড়া এলাকার আবদুস সাত্তারের ছেলে। স্ত্রী ও এক শিশুসন্তান নিয়ে শ্বশুরবাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদরের নিমতলী দর্গাপাড়ায় বসবাস করতেন তিনি।
দীর্ঘদিন বিদেশে থেকে সম্প্রতি বাড়ি ফেরেন উজ্জ্বল। আগামী ২৭ আগস্ট তার আবারও বিদেশ যাওয়ার কথা ছিল। বিমানের টিকিটও সংগ্রহ করেছিলেন তিনি। এলাকাবাসী জানিয়েছেন, উপজেলার দ্বিগ্রাম ঘুণ্টি এলাকার এক নারীর সঙ্গে পরকীয়ার সম্পর্ক ছিল উজ্জ্বলের। বিষয়টি জানাজানি হলে এ নিয়ে এলাকায় সালিশও বসে। সেখানে অপদস্ত করা হয় উজ্জ্বলকে। সেই থেকে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন তিনি।
স্বজনরা জানিয়েছেন, বিদেশযাত্রা নিশ্চিত হওয়ায় মঙ্গলবার সকালে বাবা-মার সঙ্গে দেখা করতে নিজ গ্রামে আসেন উজ্জ্বল। কিন্তু তার স্ত্রীর সন্দেহ হয়- তিনি প্রেমিকার সঙ্গে দেখা করতে যাচ্ছেন। এরপর সন্তানসহ স্বামীর পিছু নেন ওই গৃহবধূ। এতে ক্ষোভে অভিমানে আ’ত্মহ’ত্যা করেন উজ্জ্বল। গোদাগাড়ী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ পৌঁছার আগেই মরদেহ নামিয়ে আনেন স্বজনরা। পরে মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।
ওসি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আ’ত্মহ’ত্যা করেছেন। একজন স্থানীয় কৃষক তার মরদেহ গাছে ঝুলতেও দেখেছেন। এটি আ’ত্মহ’ত্যা কি-না তা ময়নাতদন্ত প্রতিবেদন পেলেই নিশ্চিত হওয়া যাবে। এনিয়ে আইনি ব্যবস্থা নেয়ার কথা জানান ওসি।




