299065

সুখবর শোনালেন নববিবাহিত শ্রাবন্তী

বিনোদন ডেস্কঃ রোশনের সঙ্গে মিষ্টিমধুর দাম্পত্য সম্পর্কের মাত্র কয়েকটা মাস কেটেছে। এখনও সম্পর্কের উষ্ণতা প্রথম দিনের মতোই। তারই মাঝে অনুরাগীদের সুখবর শোনালেন শ্রাবন্তী। বেজায় খুশি সিনেপ্রেমীরা। দ্বিতীয় স্বামী কৃষ্ণণ ভিরাজের সঙ্গে বিচ্ছেদ হয়েছে সবেমাত্রই। টলিপাড়ার অন্দরে কান পাতলেই তখন তাঁর তিক্ত সম্পর্ক নিয়ে চলছে কানাঘুষো। একে মনের মানুষের সঙ্গে টানাপোড়েন তার উপর আবার বাঁকা কথা, দু’য়ে মিলে জীবনটাই যেন দুর্বিষহ হয়ে গিয়েছিল শ্রাবন্তীর।

দমবন্ধ করা পরিস্থিতিতে অভিনেত্রীর জীবনে অক্সিজেনের মতো কাজ করেছেন রোশন সিং। যে মানুষ বিপদের দিনে এভাবে এগিয়ে এলেন, তাঁর সঙ্গে যে ঘনিষ্ঠতা তৈরি হবে তা আর নতুন কী? হলও তাই। বেশ কয়েকবছর আগে জামাইবাবুর মাধ্যমেই রোশনের সঙ্গে যোগাযোগ হয় সুন্দরীর। ধীরে ধীরে রোশনের প্রেমে পড়ে গেলেন শ্রাবন্তী। কয়েকমাস আগে অমৃতসরে এক্কেবারে চুপিসারে রোশন সিংয়ের সঙ্গে বিয়ে সেরেছেন তিনি।

‘চ্যাম্পিয়ন’ দিয়ে কেরিয়ার শুরু করেছিলেন শ্রাবন্তী। কখনও জিৎ, কখনও দেবের বিপরীতে একের পর এক সুপারহিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন টলিউডের হার্টথ্রব। তিনি আবার কবে রূপোলি পর্দায় ফিরবেন, তা নিয়ে অনুরাগীদের কৌতূহলের শেষ নেই।

অনেকের মনেই প্রশ্ন জেগেছিল বিয়ে করে তবে কি রূপোলি পর্দা ভুলে গিয়েছেন অভিনেত্রী? তবে এ প্রশ্নের উত্তর কিন্তু মোটেও অনুরাগীদের হতাশ করার মতো নয়। কারণ সুগৃহিণীর মতো একদিকে যেমন চুটিয়ে সংসার করছেন শ্রাবন্তী, তেমনই আবার ছবিতে কাজও করবেন তিনি।

শোনা যাচ্ছে, ‘বিক্ষোভ’ নামে এক ছবিতে অভিনয় করবেন তিনি। ছবিটি পরিচালনা করছেন শামিম আহমেদ রনি। ঢাকার রাজপথে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে তৈরি হচ্ছে এই ছবি। বাংলাদেশি পরিচালকের এই ছবিতে অভিনয়ের জন্য নাকি চুক্তিতে সই করে দিয়েছেন অভিনেত্রী। আগামী ১ সেপ্টেম্বর থেকে ঢাকায় ছবির শুটিং শুরু হবে। তবে, শ্রাবন্তীর বিপরীতে কাকে দেখা যাবে, তা এখনও জানা যায়নি।

ad

পাঠকের মতামত