নামি-দামি ব্র্যান্ডের এসির মোড়কে নকল এসি বিক্রি, ২ লাখ টাকা জরিমানা
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়েনের (র্যাব) ভ্রাম্যমাণ আদালত সাভারে একটি গোডাউনে অভিযান চালিয়ে নামি-দামি ব্র্যান্ডের এসির মোড়ক লাগিয়ে নকল এসি বিক্রির দায়ে দুই লাখ টাকা জরিমানা করেছে ।সাভারের নামা বাজার দক্ষিণপাড়া এলাকায় বি-২৯ নম্বর বাড়িতে মঙ্গলবার (২০ আগস্ট) বিকেল এ অভিযান পরিচালনা করেন র্যাব-৪ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দীন।
এসময় নকল এসিতে লাগানো একটি এসি তৈরি কারখানার লোগো, স্টিকার ও মোড়ক তুলে ফেলা হয়। এছাড়া গোডাউনের সব কার্যক্রম বন্ধ ও দুই লাখ টাকা জরিমানা করা হয়।নিজাম উদ্দীন বলেন, নিম্নমানের এসি বাইরে থেকে কিনে এনে গ্রি এসির মোড়ক ব্যবহার করে প্রতারণা করে আসছিল জহুরুল ইসলাম নামে এক অসাধু ব্যাবসায়ী।
এছাড়া নষ্ট এসিও রিপেয়ার করে সিল মেরে মেয়াদ বর্ধিত করতো। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে দুই লাখ টাকা জরিমানা ও গোডাউন বন্ধ করে দেওয়া হয়। তাছাড়া প্রত্যকটি এসির গায়ে সেই কোম্পানি স্টিকার, লোগো ও মোড়ক খুলে ফেলা হয়।
তিনি আরও বলেন, নকল এসি তৈরি একটা চক্র আছে। পুরো চক্রটিকে আইনের আওতায় আনতে আমাদের অভিযান চলবে। কারা, কোন প্রক্রিয়ায় এসব নকল এসি বানাচ্ছে এবং কীভাবে তা বিক্রির জন্য ব্যবহার করা হচ্ছে, তা জানাই এখন আমাদের মূল টার্গেট। আশা করি, আমরা খুব দ্রুত এই চক্রকে ধরতে পারব।




