295995

ঢাকায় পুলিশের ওপর হামলা করেছে আইএস?

রাজধানীর গুলিস্তানে পুলিশের ওপর হামলা চালানোর দাবি করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। গতকাল সোমবার জঙ্গি সংগঠনের কার্যক্রম পর্যবেক্ষণকারী হিসেবে দাবিকারী ওয়েবসাইট সাইট ইন্টিলিজেন্স এই তথ্য প্রকাশ করেছে।এতে বলা হয়েছে, গেল প্রায় দুই বছরেরও বেশি সময় পর বাংলাদেশে এক হামলা চালানোর দাবি করেছে আইএস। দেশটির রাজধানী ঢাকায় পুলিশের ওপর তারা হামলা চালানোর দাবি করেছে। তবে ওই হামলা কখন চালানো হয়েছে সেই বিষয়ে বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি সাইটটিতে।

এদিকে আজ মঙ্গলবার ভোরে আইএসের গতিবিধি বিশ্লেষক রিটা কাটজ এক টুইটে লিখেছেন, গত দুই বছরে এই প্রথম জঙ্গি সংগঠনটি বাংলাদেশে হামলা চালানোর দাবি করলো। আইএসের বক্তব্য দাবি করে এর একটি স্ক্রিনশটও রিটা কাটজ টুইটারে দিয়েছেন।আইএসের এই দাবির খবর নিজেদের সাইটে দিয়েছে জাপান টাইমসও। আরবি ভাষায় লেখা টুইটে বলা হয় : ঢাকার গুলিস্তানে মুরতাদ বাহিনীর ওপর এ হামলা চালানো হয়।

পল্টন থানা থেকে বলা হয়েছে, রাজধানীর গুলিস্তান এলাকায় ককটেল (বোমা) হামলায় তিন পুলিশ সদস্য আহত হন। সোমবার রাত ৮টার দিকে বঙ্গবন্ধু শপিং কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে। এ সময় ওই এলাকায় দুই মিনিটের জন্য বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন হয়ে যায়। এ ছাড়া ঘটনার সময় ওই এলাকার আহাদ পুলিশ বক্স লক্ষ্য করেও বোমা হামলা চালানো হয়।আহতরা হলেন- ট্রাফিক কনস্টেবল নজরুল ইসলাম (৩৭) ও মো. লিটন এবং কমিউনিটি পুলিশ মো. আশিক (২৬)। তাদেরকে প্রথমে রাজারবাগ পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের উপ-কমিশনার (এডিসি) শিবলী নোমান বলেছেন, হঠাৎ করে এ ধরনের হামলা কেন তার গভীরে খোঁজ নেওয়া হচ্ছে। হামলাকারী কে বা কারা তা এখনো জানা যায়নি। ঘটনার তদন্ত চলছে।

ad

পাঠকের মতামত