295867

অহেতুক পরীক্ষার নামে রোগীদের সেবা থেকে বঞ্চিত করা যাবেনা: রাষ্ট্রপতি

অহেতুক পরীক্ষা-নিরীক্ষার নামে রোগীরা যাতে প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত না হয় সেদিকে খেয়াল রাখতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।সোমবার (২৯ এপ্রিল) রাজধানীর র‌্যাডিসন ব্লু হোটেলে বাংলাদেশ কমিউনিটি অফ থ্যালমোলজিক্যাল সোসাইটির সপ্তম দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। চিকিৎসকদের উদ্দেশে তিনি বলেন, “মনে রাখবেন মানুষ বিভিন্ন রোগ থেকে আরোগ্য লাভের জন্য সৃষ্টিকর্তার পরই ডাক্তারদের ওপর ভরসা করে থাকেন। তাই তাদের আস্থার জায়গাটি অক্ষুণ্ন রাখা আপনাদের পবিত্র দায়িত্ব। অহেতুক পরীক্ষা-নিরীক্ষার নামে রোগীরা যাতে প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।”

আবদুল হামিদ বলেন, “আপনারা (চিকিৎসকরা) সমাজের এমন এক পেশায় নিয়োজিত যা অত্যন্ত সম্মানিত এবং একইসাথে গুরুত্বপূর্ণ। আমি আপনাদের কাছে অনুরোধ রাখব রোগীদের প্রতি আরও বেশি আন্তরিক ও ব্রতী হোন। অনেক বিশেষজ্ঞ চিকিৎসক যে পরিমাণ চার্জ আদায় করেন তা সাধারণ মানুষের ক্ষমতার বাইরে। তাই আপনাদের চিকিৎসা ব্যয় কমানোর উদ্যোগ নিতে হবে।” তিনি বলেন, আপনারা আজকে যে অবস্থানে আছেন, সেখানে পৌঁছাতে সাধারণ মানুষের অবদানও কিন্তু কম নয়। কারণ তাদের ট্যাক্সের টাকাতেই মেডিকেল কলেজের খরচ জোগানো হয়। তাই তাদের চিকিৎসা সেবা দেয়া আপনাদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য বলে আমি মনে করি।

চিকিৎসকদের বিভিন্ন সংগঠনের কাছ থেকে সহযোগিতা চেয়ে রাষ্ট্রপতি বলেন, “যাকে যে জায়গায় পদায়ন করা হবে সে জায়গায় দায়িত্ব পালন করতে হবে এবং তা আন্তরিকতার সাথে করতে হবে। হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্র থেকে যতটুকু সেবা দেয়া সম্ভব তা সবটুকু দিতে হবে।” চিকিৎসা নিতে আশা জনগণ যাতে অহেতুক কোনো হয়রানির শিকার না হয় তাও নিশ্চিত করতে হবে বলেও তিনি চিকিৎসকদের প্রতি আহ্বান জানান।

ad

পাঠকের মতামত