295742

মগবাজারে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

রাজধানীর মগবাজার রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় সাবিল হোসেন রিফাত (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তার বড় ভাই সামিল হোসেন রিয়াজ (৪০)। গতকাল রোববার রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। রিফাত ও রিয়াজ মালিবাগের শান্তিবাগ এলাকার মোহাম্মদ সেলিম হোসেনের ছেলে।

ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিন ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, দুই ভাই মগবাজার রেল ক্রসিং পার হওয়ার সময় ট্রেন আসায় সিগন্যাল বার নামিয়ে দেওয়া হয়। তারা তা না মেনে দ্রুত রেললাইন পার হওয়ার চেষ্টা করেন। কিন্তু তা না পারায় ট্রেনের ধাক্কায় দুজনই গুরুতর আহত হন। পরে আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রিফাতকে মৃত ঘোষণা করেন।

রিয়াজ একটি বায়িং হাউসে চাকরি করেন। আর রিফাত ঢাকা কলেজ থেকে এবার মাস্টার্স ফাইনাল পরীক্ষা দিয়েছিলেন। দুই ভাই রাতে মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

ad

পাঠকের মতামত