‘চলচ্চিত্র যেন সৎ মায়ের সন্তান’
বিনোদনডেস্ক।। ঢাকাই চলচ্চিত্র নিয়ে হতাশার গল্প বলেন সবাই। কেউ শুনান প্রত্যাশার গল্পও। তবে মূল জায়গায় যেন কথা বলছেন না কেউ। চলচ্চিত্রের উন্নয়ন নিয়ে যেখান থেকে ভাবা দরকার সেখানে কতটা ভাবা হচ্ছে? বিষয়টি নিয়ে কথা বললেন এক সময়ে সাড়া জাগানো নায়ক ইলিয়াস কাঞ্চন।
ইলিয়াস কাঞ্চন বলেন, আমি সবসময় বলি, আমাদের চলচ্চিত্র আসলে সৎমায়ের সন্তানের মতো লালিত পালিত হচ্ছে। আমাদের এখন যারা মন্ত্রী হচ্ছে নতাদের সিনেমার উন্নয়ন নিয়ে কোন পরিকল্পনাই থাকে না। তাহলে কীভাবে আমাদের চলচ্চিত্র উন্নয়ন হবে। এর আগে যিনি তথ্যমন্ত্রী ছিলেন তাকে আমি এক টকশোতে প্রশ্ন করেছিলাম, আপনি মন্ত্রী হয়েছেন। আপনি কি চলচ্চিত্রকে এগিয়ে নেয়ার জন্য কোনো পরিকল্পনা করেছেন? আমার প্রশ্ন শুনে তিনি অবাক হয়ে গিয়েছিলেন। বুঝতেই পারেননি এধরনের একটি প্রশ্ন তাকে করব।
আসলে যিনি মন্ত্রী হন, চলচ্চিত্রের দায়িত্ব নেন তার তো কোন পরিকল্পনাই থাকে না। পরিকল্পনা না থাকলে চলচ্চিত্র শিল্পের উন্নতি কিভাবে হবে? চলচ্চিত্রে অভিনয়ের জন্য দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন ইলিয়াস কাঞ্চন। সমাজসেবা পেয়েছেন একুশে পদকও। ‘নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা তিনি। বর্তমানে এ আন্দোলন নিয়েই চলছে তার ব্যস্ততা।
সিনেমা নিয়ে সিনেমার মানুষদের নিয়ে সবসময় নেতিবাচক কথা বলা হয় উল্লেখ করে এ তারকা বলেন, আমরা চলচ্চিত্রের মানুষেরা যেভাবে মানুষকে ভালোবাসে সেভাবে মনে হয় অন্য কেউ পারব না। কারণ আমরা যেমন ভালোবাসা পাই। সেভানে অন্যকেও ভালোবাসতে জানি। এ সময় সিনেমার প্রতি বঙ্গবন্ধুর ভালোবাসার গভীরতা উল্লেখ করে নিসচার এ নেতা বলেন, আমরা চলচ্চিত্রে বঙ্গবন্ধু ছাড়া কাউকে পাইনি যিনি চলচ্চিত্রকে ভালোবেসেছেন। লালন-পালন করেছেন। ২৭ এপ্রিল সিনেবাজের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে কথাগুলো বলেন ইলিয়াস কাঞ্চন। উৎস: সমকাল।




