ভাই আপনিই সেলফিটা তোলেন, মাশরাফিকে ভক্ত (ভিডিও)
কিছুক্ষণ আগেই শেষ হয়েছে বিশ্বকাপ উপলক্ষে আয়োজিত আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন। সাংবাদিকদের কয়েক ডজন প্রশ্নের উত্তর দিয়ে ড্রেসিং রুমে ফিরে যাচ্ছিলেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। মিরপুর স্টেডিয়ামের মাঠ দিয়ে হেঁটে যাওয়া মাশরাফি ততক্ষণে প্রায় ড্রেসিং রুমের কাছে পৌঁছে গেছেন। এমন সময় ভিড় ঠেলে দৌড়ে মাশরাফির কাছে এগিয়ে গেলেন এক যুবক। ওয়ানডে অধিনায়ক কিছু বুঝে ওঠার আগেই তাকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন তিনি।
২৫ বছর বয়সী এই মাশরাফি-ভক্তের নাম মো. আলমগীর। বাড়ি রংপুরে। ঢাকায় থাকেন অনেকদিন ধরেই। মিরপুরে বাস করা আলমগীর পেশায় একজন রংমিস্ত্রী। কাজের পাশাপাশি বাংলাদেশের ক্রিকেটের খোঁজ-খবর রাখেন নিয়মিত। তার চেয়েও বেশি খোঁজ রাখেন প্রিয় ক্রিকেটার মাশরাফির। অনেকদিনের চেষ্টায় সোমবার প্রিয় ক্রিকেটারকে সামনে পেয়ে চোখের পানি ধরে রাখতে পারেননি তিনি। দেখুন ভিডিওতে। সূত্র: প্রিয়




