হঠাৎ জাতীয় দলে ডাক পেলেন তাসকিন-ফরহাদ
গতকাল রাত থেকেই গুঞ্জন ছিল দুজন যোগ দিচ্ছেন জাতীয় দলে। অবশেষে গুঞ্জন সত্য হলো। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের জন্য ইনজুরি কাটিয়ে ফেরা ডানহাতি ফাস্ট বোলার তাসকিন আহমেদ ও অলরাউন্ডার ফরহাদ রেজাকে দলে ডাকা হয়েছে।জাতীয় দলে এ দুজনের অন্তর্ভুক্তির কথা নিশ্চিত করেন ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান।আজ রোববার দুপুরে মিরপুর শেরা বাংলা স্টেডিয়ামে তিনি বলেন, ‘যেহেতু লম্বা টুর্নামেন্ট তাই ব্যাকআপ প্লেয়ারদের কথা চিন্তা করে তাদেরকে রেখেছি।’
বিশ্বকাপ ও ত্রিদেশীয় সিরিজের জন্য ডাক পাওয়া দলে পেসাররা ইনজুরিতে জর্জরিত। এ নিয়ে আকরাম খান বলেন, ‘যেহেতু বাংলাদেশ টিমে ইনজুরির সমস্যা আছে, স্পেশালি আপনার ফার্স্ট বোলারদের, রুবেল কিছুদিন আগে ঠিক হয়েছে। মোস্তাফিজ কালকে থেকে বোলিং করবে, আজকে রাহী করেছে। কিছু ইনজুরি নিয়ে আমরা চিন্তিত এই জন্য আমরা রেখেছি। কারণ ব্যাকআপতো আমাদের রাখতেই হবে।’
ইনজুরি থাকায় কোচের রিকোয়েস্টে তাদের দলে রাখা হয়েছে জানিয়ে আকরাম খান বলেন, ‘আয়ারল্যান্ড সিরিজে ১৭ ছিল, এবং কোচের কিছু প্ল্যান থাকাতে এবং বিশেষ করে অনেক রিকোয়েস্ট করার পর আমরা আরও দুজন বাড়িয়েছি।’এর আগে গত ১৬ এপ্রিল ত্রিদেশীয় সিরিজের জন্য ১৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করে বাংলাদেশ। এর মধ্যে ১৫ জন আছেন বিশ্বকাপ স্কোয়াডে। ত্রিদেশীয় সিরিজের জন্য বাড়তি দুজন হলেন ইয়াসির আলী ও নাঈম হাসান। তাদের সঙ্গে এবার যুক্ত হলেন তাসকিন ও ফরহাদ রেজা।
ত্রিদেশীয় সিরিজের স্কোয়াড : মাশরাফি বিন মোর্ত্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন কুমার দাস, সাকিব আল হাসান (সহ অধিনায়ক), মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, রুবেল হোসেন, আবু জায়েদ চৌধুরী রাহী ,ইয়াসির আলি, নাঈম হাসান, তাসকিন আহমেদ ও ফরহাদ রেজা।




