মেসির গোলে লেভান্তেকে হারিয়ে চ্যাম্পিয়ন বার্সেলোনা
স্পোর্টস ডেস্ক।। ম্যাচের শুরুতে বার্সেলোনা একচেটিয়া চাপ তৈরি করেও গোলের দেখা পাচ্ছিল না। পরে বদলি নেমে পার্থক্য গড়ে দিলেন লিওনেল মেসি। অধিনায়কের গোলে লেভান্তেকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো লিগ চ্যাম্পিয়ন হলো কাতালান ক্লাবটি। শনিবার রাতে কাম্প নউয়ে ১-০ গোলে জিতে তিন ম্যাচ হাতে রেখে শিরোপা জয় নিশ্চিত করে এরনেস্তো ভালভেরদের দল। ডিসেম্বরে লিগে প্রথম দেখায় মেসির হ্যাটট্রিকে লেভান্তের মাঠে ৫-০ গোলে জিতেছিল বার্সেলোনা।
ম্যাচের শুরু থেকে অতিথিদের রক্ষণে প্রবল চাপ তৈরি করা বার্সেলোনা প্রথম পাঁচ মিনিটে দুবার এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল। দ্বিতীয় মিনিটে কাছ থেকে গোলরক্ষক বরাবর শট নেন সুয়ারেস। খানিক পর দুজনের মধ্যে দিয়ে এগিয়ে ২৫ গজ দূর থেকে ফিলিপে কৌতিনিয়োর নেওয়া শট ঝাঁপিয়ে ঠেকান গোলরক্ষক। বিরতির আগে লক্ষ্য বরাবর আরও পাঁচটি শট নেয় স্বাগতিকরা। কিন্তু সাফল্যের দেখা মেলেনি। এর মধ্যে ৪১তম মিনিটে ব্রাজিলিয়ান মিডফিল্ডার কৌতিনিয়োর ফ্রি-কিক ক্রসবার কাঁপায়।
দ্বিতীয়ার্ধের শুরুতেই কৌতিনিয়োকে তুলে নিয়ে মেসিকে নামান কোচ। ৬২ মিনিটে দলকে কাঙ্ক্ষিত গোল এনে দেন অধিনায়ক। জটলার মধ্যে আর্তুরো ভিদালের ছোট পাস পেয়ে প্রথম টোকায় একজনকে কাটিয়ে বাঁ পায়ের শটে গোলরক্ষককে পরাস্ত করেন আর্জেন্টাইন তারকা। এবারের লিগে সর্বোচ্চ গোলদাতা মেসির মোট গোল হলো ৩৪টি। লা লিগায় বদলি খেলোয়াড় হিসেবে এটা তার ২৪তম গোল, একবিংশ শতাব্দীতে যা সর্বোচ্চ।




