প্রধানমন্ত্রীর ছবির সাথে ছবি জুড়ে ফেসবুকে পোস্ট, নিন্দা
মঠবাড়িয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবির সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতার ছবি জুড়ে ফেসবুকে পোস্ট দেয়া নিয়ে এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে নিন্দার ঝড় উঠেছে।নজরুল ইসলাম বেপারী নামের এক আওয়ামী লীগ নেতার ফেসবুকে দেয়া ওই ছবি থেকে দেখা গেছে, ওই উপজেলার সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মো. আশরাফুল রহমানের ছবি ফটোশপ করে প্রধানমন্ত্রীর ছবির সাথে জুড়ে দিয়ে ফেসবুকে পোস্ট দেয়া হয়েছে। ওই ছবি দেয়ার পর স্থানীয় ছাত্রলীগসহ বিভিন্ন নেতারা নিন্দা জানিয়েছেন।
জানা গেছে, ফেসবুকে পোস্ট দেয়া ওই নেতা উপজেলার বেতমোর রাজপাড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আশরাফুর রহমানের কর্মী।ওই ছবির নিচে উপজেলা ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক মীর তারেক তার আইডি থেকে এমন ফটোশপের মাধ্যমে এডিট করে ছবি দেয়ার ঘটনার নিন্দা জানান। তার পরে অনেকেই ফেসবুকে এ ঘটনার নিন্দা ও বিচার দাবি করে পোস্ট দেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে নড়াইলের এমপি মাশরাফি বিন মর্তুজার একটি ছবি ফটোশপের মাধ্যমে এডিট করে এমপি মাশরাফির স্থলে আওয়ামী লীগ নেতা আশরাফুলকে যুক্ত করে তা ফেসবুকে পোস্ট দেন নজরুল বেপারী। ওই ছবিতে তিনি মন্তব্য করেন, ‘মায়ের কাছে সন্তান যেমন আদরের তেমনি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে আদরের হচ্ছেন আশরাফুর রহমান।’
এ ছবির বিষয় ফেসবুক ব্যবহারকারী নজরুল ইসলামের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, আমি ছবিটি ফেসবুকের একটি আইডি থেকে সংগ্রহ করেছি। ছবিটি সঠিক মনে করে তা পোস্ট দিয়েছি। এটি এডিট করা কিনা আমি তা জানি না।এ বিষয়ে আওয়ামী লীগ নেতা আশরাফুর রহমান বলেন, আমি আওয়ামীলীগ করি এটাই আমার পরিচয়। প্রধানমন্ত্রীর সাথে আমার ওই ছবি দেখে আমি নিজেই নিন্দা জানিয়েছি। কে করেছে তা আমি জানি না।এ বিষয়ে মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ বলেন, বিষয়টি শুনেছি। এ বিষয়ে তদন্ত চলছে।




