শ্রীলঙ্কার প্রতিটি ঘরে তল্লাশি চালানো হবে: প্রেসিডেন্ট
শ্রীলঙ্কায় ভয়াবহ সিরিজ বোমা হামলার পাঁচ দিন পেরিয়ে গেলেও আতঙ্ক কাটেনি দেশটিতে। এখনো সন্ত্রাসী হামলার ঝুঁকিতে আছে দেশটি। বৃহস্পতিবারও রাজধানী কলম্বোয় বোমা হামলার আতঙ্ক ছড়িয়ে পড়ে।আলজাজিরা জানায়, এমন পরিস্থিতিতে দেশটির আইনশৃঙ্খলা স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে স্বল্প ও দীর্ঘমেয়াদি একাধিক পদক্ষেপ ঘোষণা করেন প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা।শুক্রবার প্রেসিডেন্ট সিরিসেনা বলেন, দেশের প্রত্যেকটি ঘর তল্লাশি চালানো হবে। প্রত্যেক ঘরের স্থায়ী বাসিন্দাদের তালিকা করা হবে। কোনো অপরিচিত ব্যক্তি থাকলে তাকে চিহ্নিত করা হবে।
তামিল বিচ্ছিন্নতাবাদী সংগঠন এলটিটিই’র হামলা রুখতে এমনটিই ব্যবস্থা নেওয়া হতো। তিনি সে সময়ের কথাও ইঙ্গিত করেন।হামলা রুখতে আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব পালনে বড় ধরনের ঘাটতি ছিল বলে তিনি উল্লেখ করেন। বিদেশি গোয়েন্দা সংস্থার সতর্কবার্তাকে গুরুত্ব না দেওয়ায় প্রতিরক্ষা সচিব এবং শীর্ষ পুলিশ কর্মকর্তাদের সমালোচনা করেন প্রেসিডেন্ট।
গত রোববার সকালে দেশটির খ্রিস্টান ধর্মাবলম্বীদের ইস্টার সানডের প্রার্থনা চলাকালে তিনটি গির্জা এবং তিনটি হোটেলে মোট ছয়টি বিস্ফোরণ ঘটে। পরে হয় আরও দুটি। এখন পর্যন্ত ২৫৩ জন মানুষ মারা গেছেন। আহত হয়েছেন আরও ৫০০ জন। স্থানীয় মুসলিম মৌলবাদী সংগঠন ন্যাশনাল তাওহীদ জামায়াতকে (এনটিজে) এ হামলার জন্য দায়ী করে শ্রীলঙ্কা সরকার। পরবর্তীতে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন আইএস এ সন্ত্রাসী হামলার দায় স্বীকার করে। এনটিজে-কে দিয়েই এ হামলা চালায় আইএস। তবে ভয়াবহ হামলার পেছনে আরও কয়েকটি গোষ্ঠীকে খুঁজছে পুলিশ।




