294680

অসততা আমাকে স্পর্শ করেনি, করবেও না: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল মন্তব্য করেছেন,’আমার ওপর বিশ্বাস রাখুন, অসততা আমাকে স্পর্শ করেনি, করবেও না’। বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলন কক্ষে প্রাক-বাজেট আলোচনায় এ কথা বলেন অর্থমন্ত্রী।এ সময় দেশটা সবার উল্লেখ করে নিজ নিজ অবস্থান থেকে সবাইকে দেশের জন্য কাজ করার আহ্বান জানান তিনি।তিনি বলেন, অনেক কষ্ট করে লেখাপড়া করেছি আমি। দেশের সাধারণ মানুষের প্রতি আমার দ্বায়বদ্ধতা আছে। এই দেশটা আমাদের সবার। সবার চলার পথ যেন সুগম হয় এবং দেশের যাতে কোন ক্ষতি না হয় সেজন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে।

মন্ত্রী বলেন, এখন ব্যাংক ঋণের ক্ষেত্রে সুদের হার বেশি। এত বেশি সুদ দিয়ে কখনোই ব্যবসা করা সম্ভব না। সুদের উপর নতুন করে সুদ আরোপ করা হয়। কেউ যাতে ঋণখেলাপি না হয় সেজন্য আগামীতে সুদের হার অনেক কমিয়ে আনা হবে। পুঁজি বাজারের জন্যও প্রণোদনার ব্যবস্থা করা হবে।মুস্তফা কামাল বলেন, ব্যবসায় লাভ-লোকসান হতেই পারে। যাদের লোকসান হয় তাদের জন্য কোন ব্যবস্থা থাকে না। ঋণখেলাপি হওয়ার পর সব ব্যবসায়ীদের জেলে পাঠালে তো আর চলবে না। সবাইকে নিয়েই কাজ করতে হবে।

তিনি বলেন, দেশের ব্যাংকিং ব্যবস্থা খুব খারাপ অবস্থায় না থাকলেও খুব ভালো অবস্থায় আছে সেটি বলবো না। ব্যাংকিং খাতের উন্নয়নের জন্য অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি হচ্ছে। অনেক ব্যাংকই খেলাপি ঋণের বিপরীতে কোনো উদ্যোগ নিতে পারছে না। এমনকি মামলা করতে পারছে না। এসব বিষয় সমাধানে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি কাজ করবে।মন্ত্রী বলেন, ৪ কোটি মানুষ কর দেয়ার যোগ্য কিন্তু কর দেন মাত্র ২৯ লাখ মানুষ। এইজন্য ভ্যালু অ্যাডেড ট্যাক্স নির্ধারণ করা হবে। মানি লন্ডারিং প্রতিরোধ করার জন্য আমদানি এবং রফতানি হওয়া পণ্যগুলো শতভাগ স্ক্যানিং করা হবে। পরিদর্শনের করার ব্যবস্থা নেয়া হবে র‌্যান্ডম স্যাম্পলিংয়ের মাধ্যমে।

ad

পাঠকের মতামত