ফের আতঙ্কিত শ্রীলঙ্কা: সব গির্জা, কেন্দ্রীয় ব্যাংক, বিমানবন্দর সড়ক বন্ধ
আতঙ্ক পিছু ছাড়ছে না শ্রীলঙ্কানদের। দেশটিতে ভয়াবহ সিরিজ বোমা হামলায় চার দিন পর আজ বৃহস্পতিবার ফের বিস্ফোরণের ঘটনা ঘটেছে।এদিকে আরও বোমা হামলার সতর্কতায় দেশটির কেন্দ্রীয় ব্যাংক এবং বিমানবন্দর সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে।দুই ব্যাংক কর্মকর্তা রয়টার্সকে জানান, নিরাপত্তা সতর্কতায় রাজধানী কলম্বোয় ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের কাছেই ব্যাংক ভবনের সামনের সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে।আলজাজিরা জানায়, কলম্বোয় প্রধান বিমানবন্দর সড়ক সংলগ্ন একটি কার পার্কে সন্দেহভাজন গাড়ি শনাক্ত করার পর কর্তৃপক্ষ ওই সড়কের যান চলাচল বন্ধ করে দেয়। পরবর্তীতে তল্লাশি চালানোর পর অস্বাভাবিক কিছু না পেলে সড়ক খুলে দেওয়া হয়।
পুলিশের একজন মুখপাত্র জানান, রাজধানীর পূর্বাঞ্চলে একটি বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহত হয়নি।তিনি জানান, এ বিস্ফোরণ রবিবারের হামলার ধরনের মতো নয়। তবে এ ঘটনায় তদন্ত চলছে।এদিকে দেশের সার্বিক নিরাপত্তা উন্নত না হওয়া পর্যন্ত সকল গির্জা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।এএফপিকে একজন পাদরি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর পরামর্শ মতে আমরা সকল গির্জা বন্ধ রাখব।
এ ছাড়া পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের ড্রোন এবং মনুষ্যবিহীন উড়োযান ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা করেছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।রবিবার দিনের শুরুতে দেশটির খ্রিষ্টান ধর্মাবলম্বীদের ইস্টার সানডের প্রার্থনা চলাকালে তিনটি গির্জা এবং তিনটি হোটেলে মোট ছয়টি বিস্ফোরণ ঘটে। পরে হয় আরও দুটি।হামলায় এখন পর্যন্ত ৩৫৯ জন মানুষ মারা গেছেন। আহত হয়েছেন আরও ৫০০ জন। দুই দিন পর মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি গোষ্ঠী আইএস এই হামলার দায় স্বীকার করেছে।




