294322

নিজের জীবনের গল্প শোনালেন মিরাজ

স্পোর্টস ডেস্কঃ ইউনিসেফের শিশু অধিকার দূত হলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিনিং অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। গেল বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে তাকে এ দায়িত্ব দেয়া হয়।এ নিয়ে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে জাতিসংঘের শিশু অধিকার বিষয়ক সংস্থার সঙ্গে কাজ শুরু করলেন মিরাজ। প্রথম এ নজির স্থাপন করেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

হতদরিদ্র পরিবার থেকে উঠে এসেছেন মিরাজ। তারকাখ্যাতি পাওয়ার আগে পাড়ি দিয়েছেন বিপৎসংকুল পথ। একাগ্রতা, নিষ্ঠা, অধ্যাবসায় আর বড় হওয়ার ইচ্ছা থেকেই বিশ্বমঞ্চে জায়গা করে নিয়েছেন তিনি। তবে সুদিন দেখার আগের সময়গুলো মোটেও সুখকর ছিল না তার। সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ শুরুর আগে সবার সঙ্গে নিজের জীবনের সেই গল্প ভাগাভাগি করে নিয়েছেন তরুণ অলরাউন্ডার।

মিরাজ বলেন, আপনারা জানেন, ক্রিকেট যখন শুরু করেছি,নিশ্চয়ই অনেক কষ্ট করে এগোতে হয়েছে। অনেক বাধা-প্রতিবন্ধকতার মধ্য দিয়ে বেড়ে উঠেছি।বরিশালের বাকেরগঞ্জ উপজেলার অতি সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেন মিরাজ। অভাব অনটন দূর করতে একপর্যায়ে তার পরিবার পাড়ি জমায় খুলনায়। মিরাজের ভাষ্য, কত যে সংগ্রাম করতে হয়েছে জীবনে! খুব সাধারণ ঘর থেকে বেড়ে উঠেছি।

নিজের বেড়ে ওঠার সময়টা কঠিন ছিল বলেই সুবিধাবঞ্চিত শিশুদের সংগ্রামের বিষয়টি ভালো করে অনুধাবন করতে পারেন মিরাজ। তিনি বলেন, আমি বুঝতে পারি, অনুভব করতে পারি, সাধারণ পরিবার থেকে বেড়ে ওঠা একটা শিশুর সামনে কত প্রতিবন্ধকতা থাকে।আর তাই তাদের নিয়ে কাজ করার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত মিরাজ। তিনি বলেন, ওপরে যেতে হলে অনেক বাধা থাকে। শিশুদের নিয়ে কাজ করার সুযোগ পেয়ে আমার খুব ভালো লাগছে। আশা করি, সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে নিজের অভিজ্ঞতা ভাগাভাগি করে নিতে পারব।

ad

পাঠকের মতামত