ডাক পাননি সুলতান-মোকাব্বির
দীর্ঘ ৮ বছর পর বিশেষ কাউন্সিলে বসতে যাচ্ছে ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন গণফোরাম। শুক্রবার সকালে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে কাউন্সিল অনুষ্ঠিত হবে। তবে কাউন্সিলে ডাক পাননি গত জাতীয় সংসদ নির্বাচনে গণফোরাম থেকে নির্বাচিত সংসদ সদস্য মোকাব্বির খান। দলীয় সিদ্ধান্ত অমান্য করে শপথ নিয়েছেন তিনি। তবে তাকে দল থকে বহিষ্কার করা হয়নি। বহিষ্কার না করা হলেও কাউন্সিলে আমন্ত্রণ জানানো হয়নি তাকে। আমন্ত্রণ পানি ধানের শীষ প্রতীকে গণফোরামের বিজয়ী প্রার্থী সুলতান মনসুরকেও। শপথ গ্রহণের পরই তাকে অবশ্য বহিষ্কার করেছিল গণফোরাম।
এ বিষয়ে গণফোরামের প্রশিক্ষণবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম পথিক বাংলাদেশ জার্নালকে বলেন, তাদের কাউন্সিলে ডাকার প্রশ্নই আসে না। তাদের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। মোকাব্বির খানকে বহিষ্কার করা হয়নি, তিনি এখনও গণফোরামের নেতা- এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, তাকেও আমন্ত্রণ জানানো হয়নি।
গণফোরামের সর্বশেষ কাউন্সিল অনুষ্ঠিত হয় ২০১১ সালে। জাতীয় কাউন্সিলের উদ্বোধন ও সভাপতিত্ব করবেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।




