চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি বন্ধে রিট
স্বাস্থ্য ডেস্ক।। চিকিৎসকের ব্যবস্থাপত্র এবং যথাযথ মেডিকেল তত্ত্বাবধান (সুপারভিশন) ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। বুধবার রিটটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। রিট আবেদনে বিবাদী করা হয়েছে, স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, জনপ্রশাসন সচিবসহ সংশ্লিষ্টদের। বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিল সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ রিট আবেদনের ওপর শুনানি হতে পারে।
ব্যারিস্টার সৈয়দ সাইয়েদুল হক সুমন বলেন, রোগীদের চাহিদা ছাড়াও ফার্মেসিগুলো রোগীকে অ্যান্টিবায়োটিক ওষুধ দিচ্ছে। ফলে অতিরিক্ত অ্যান্টিবায়োটিক ব্যবহার করায় একপর্যায়ে এসব রোগীর শরীরে আর অ্যান্টিবায়োটিক কাজ করে না। সম্প্রতি অতিরিক্ত অ্যান্টিবায়োটিক ব্যবহারের কারণে ৪০০ লোক মারা গেছে। ব্যবস্থাপত্র ছাড়া ফার্মেসিতে অ্যান্টিবায়েটিক বিক্রির নিষেধাজ্ঞা রয়েছে; কিন্তু চিকিৎসকের পরামর্শ ছাড়াই অনেকে অ্যান্টিবায়োটিক সেবন করছেন। এ বিষয়ে জাতীয় দৈনিকে প্রকাশিত কয়েকটি প্রতিবেদন সংযুক্ত করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
রিট আবেদনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক গবেষণার কথা উল্লেখ করা হয়েছে। ওই গবেষণায় বলা হয়, অ্যান্টিবায়োটিকের প্রতি শরীর প্রতিরোধ গড়ে তুললে সে অবস্থাকে বলা হয় অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। এ প্রবণতার কারণে প্রতিবছর বিশ্বে সাত লাখ মানুষের মৃত্যু হয়। ২০৫০ সাল নাগাদ এ সংখ্যা গিয়ে দাঁড়াবে এক কোটিতে।




