৫ অপারেটরের ২০ লাখ ৪৯ হাজার সিম বন্ধ হচ্ছে বৃহস্পতিবার রাতে
নিউজ ডেস্ক।। একজন গ্রাহকের জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) বিপরীতে নিবন্ধনকৃত ১৫টির বেশি সিম নিষ্ক্রিয় হয়ে যাবে বৃহস্পতিবার মধ্যরাত থেকে। তবে করপোরেট গ্রাহকের ক্ষেত্রে তা প্রযোজ্য হবে না। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) জানিয়েছে, পাঁচটি অপারেটরের ২০ লাখ ৪৯ হাজার সিম ওই রাতে নিস্ক্রিয় করা হবে। এক এনআইডির বিপরীতে অসংখ্য সিম নিয়ে অপরাধ প্রবণতা থেকে মুক্ত রাখতে এই ব্যবস্থা নেয়া হচ্ছে।
বিটিআরসি জানিয়েছে, সিম নিবন্ধনের পর সব গ্রাহকের তথ্য বিটিআরসির কাছে রক্ষিত আছে। কেন্দ্রীয় তথ্য ভা-ারের মাধ্যমে জানা যাচ্ছে কার কাছে কতটি সিম রয়েছে। এতে অপরাধ প্রবণতা কমে এসেছে বলে দাবি করছে সরকার।
বিটিআরসির সিনিয়র সহকারী পরিচালক মো. জাকির হোসেন খান জানান, অতিরিক্ত সিমের মধ্যে গ্রামীণফোনের চার লাখ ৬১ হাজার, বাংলালিংকের চার লাখ ৫৫ হাজার, রবি’র চার লাখ ১৯ হাজার এবং টেলিটকের চার লাখ ৮৭ হাজার সিম বন্ধ করা হবে। এরআগে কয়েক দফায় ১৫টির বেশি সিম নিষ্ক্রিয় করার উদ্যোগ গ্রহণ করা হলেও তা বাস্তবায়িত হয়নি।




