293472

হবিগঞ্জে অন্য নারীর সঙ্গে ফোনে কথা বলায় প্রেমিককে হত্যা, গ্রেফতার প্রেমিকা

নিউজ ডেস্ক।। হবিগঞ্জের লাখাই উপজেলার ধর্মপুর গ্রামের মেন্দিবিল থেকে উজ্জল মিয়া (২২) নামের এক যুবকের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেলে হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রবিউল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে কঙ্কালটি উদ্ধার করা হয়। পুলিশ বলছে, একাধিক সম্পর্ক থাকায় মাথায় মসলা বাটার পাথর দিয়ে আঘাত করে তাকে হত্যা করেছে তার প্রেমিকা। উজ্জল মিয়া লাখাই উপজেলার পূর্ব মুড়াকড়ি গ্রামের শাহ আলম এর ছেলে। এ ঘটনায় পুলিশ উজ্জলের প্রেমিকা ধর্মপুর গ্রামের ফারজিনা বেগম ও তার বাবা মঞ্জু মিয়াকে গ্রেফতার করেছে।

অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম জানান, গত ২০ ফেব্রুয়ারি ধর্মপুর গ্রামে প্রেমিকা ফারজিনা বেগমের বাড়িতে থাকাকালে আরেক নারীর সঙ্গে মোবাইলে কথা বলছিলেন উজ্জল। ফারজিনা বিষয়টি দেখে ফেললে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় উত্তেজিত হয়ে ফারজিনা মসলা বাটার পাথর দিয়ে উজ্জল মিয়ার মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপর ফারজিনা ঘরে গর্ত খুঁড়ে লাশটি মাটিতে পুঁতে ফেলে।

বাড়িতে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে ১০/১২ দিন পর ফারজিনার বাবা মঞ্জু মিয়া মেয়ের কাছ থেকে বিষয়টি জানতে পেরে লাশটি গর্ত থেকে তুলে মেন্দিবিলে কচুরিপানার মধ্যে ফেলে আসেন। এদিকে উজ্জল মিয়ার সন্ধান না পেয়ে গত ২৬ ফেব্রুয়ারি তার বাবা শাহ আলম লাখাই থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এর সূত্র ধরে সোমবার বিকেলে অভিযান চালিয়ে উজ্জল মিয়ার কঙ্কাল উদ্ধার করা হয়। উজ্জলের বাবা শাহ আলম ছেলের শার্ট, প্যান্ট ও কোমড়ের বেল্ট দেখে কঙ্কালটি শনাক্ত করেন। রবিউল ইসলাম আরও জানান, উজ্জলের প্রেমিকা ফারজিনা ও তার বাবা মঞ্জু মিয়াকে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ad

পাঠকের মতামত