ক্রিকেটকে বিদায় জানালেন নাজমুল
স্পোর্টস ডেস্কঃ মাত্র ৩১ বছর বয়সে ক্রিকেটকে বিদায় জানিয়েছেন বাংলাদেশ জাতীয় দলে খেলা পেসার নাজমুল হোসেন। আজ অবসরের ঘোষণা দেন এই ডানহাতি পেসার। সিলেটের হবিগঞ্জের এই ক্রিকেটার বাংলাদেশের হয়ে খেলেছেন ২টি টেস্ট, ৩৮টি ওয়ানডে ও ৪টি টি-টোয়েন্টি ম্যাচ। ২০১২ সালে সর্বশেষ তাকে দেখা গিয়েছিল জাতীয় দলের জার্সিতে। জাতীয় দলের হয়ে খেলা এই পেসার ঘরোয়া ক্রিকেটে ছিলেন ব্রাত্য। ভালো খেলার পরও ঘরোয়া ক্রিকেটের দলগুলো তাকে যথাযথ মূল্যায়ন করেনি- এমন অভিযোগ ছিল ক্যারিয়ারের শেষদিকে। রাগ আর অভিমানে ২৮ বছর বয়সে একবার বিদায় জানিয়েছিলেন ক্রিকেটকে।
তবে সেই অভিমান ভেঙে চলতি বছরের মার্চে আবারও ক্রিকেটে ফেরার ঘোষণা দিয়েছিলেন, তবে তা বয়সভিত্তিক দলের পরামর্শক হিসেবে। তবে খেলোয়াড় হিসেবে মাঠ মাতাতে দেখা যেতে পারে- এমন গুঞ্জন শোনা গিয়েছিল। এবার চূড়ান্তভাবে নাজমুল বিদায় জানালেন তার খেলোয়াড়ি জীবনকে। প্রায় ১৫ বছর আগে ২০০৪ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে জাতীয় দলে অভিষেক হয় নাজমুলের। একই বছর ভারতের বিপক্ষে টেস্ট অভিষেক। তবে ইনজুরি আর টিম কম্বিনেশনের কারণে টেস্ট ক্যারিয়ার স্থায়ী না হলেও নাজমুল খেলে যাচ্ছিলেন ওয়ানডে।
সর্বশেষ ওয়ানডে খেলেছেন ২০১২ সালে বাংলাদেশে অনুষ্ঠিত এশিয়া কাপে। শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ বোলিং করে যখন দলে জায়গাটা শক্ত করছিলেন তখনই আবার ঝড়ো হাওয়া লাগে। ইনজুরির কারণে জাতীয় দল থেকে ছিটকে পড়ে আর ফেরা হয়নি তার।




