293077

স্ত্রীর স্বীকৃতি চাওয়া অগ্নিদগ্ধ তরুণী হাসপাতালে

নিউজ ডেস্ক।। লক্ষ্মীপুরের কমলনগরের একটি সয়াবিন ক্ষেত থেকে উদ্ধার করে আগুনে দগ্ধ অবস্থায় শাহেনূর আক্তার (২৪) নামে এক তরুণীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন ওই তরুণীর অভিযোগ, স্ত্রীর স্বীকৃতি চাওয়ায় স্বামী সালাউদ্দিন তার গায়ে আগুন লাগিয়ে দিয়েছে। তবে ঘটনাটি রহস্যজনক। এদিকে কমলনগর থানা পুলিশ ও স্থানীয়দের ধারণা, ওই তরুণী বাজার থেকে কেরোসিন এনে সয়াবিন ক্ষেতে গিয়ে নিজের গায়ে নিজে আগুন দিয়েছে। খবর পেয়ে রবিবার (২১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লক্ষ্মীপুর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সফিউজ্জামান ভূঁইয়া ও জেলা পুলিশ সুপার (এসপি) আ স ম মাহাতাব উদ্দিন সদর হাসপাতালে ওই তরুণীকে দেখতে গেছেন।

এর আগে বিকেলে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরফলকন ইউনিয়নের আইয়ুবনগর এলাকায় একটি সয়াবিন ক্ষেত থেকে দগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরে তাকে স্থানীয় ইউপি সদস্য হাফিজ উল্লাহ ও গ্রাম পুলিশ আবু তাহের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে সদর হাসপাতালে এনে ভর্তি করে।

অন্যদিকে শাহেনূরের অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজের বার্ণ ইউনিটে রেফার্ড করা হয়েছে। আগুনে ওই তরুণীর মুখ-হাতসহ শরীরের প্রায় ৪০ ভাগ পুড়ে গেছে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। শাহেনূর চট্টগ্রামের রাউজান উপজেলার সোনাগাজি গ্রামের জাফর আলমের মেয়ে। জানা গেছে, সালাউদ্দিন স্ত্রী ও দুই ছেলে নিয়ে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরফলকন ইউনিয়নের আইয়ুবনগর এলাকায় শ্বশুর বাড়িতে বসবাস করছে। সালাউদ্দিন পেশায় রিকশাচালক। তার বাবার নাম মহর আলী।

চিকিৎসাধীন দগ্ধ তরুণী শাহেনূর বলেন, মোবাইলফোনে সালাউদ্দিনের সঙ্গে তার পরিচয় হয়েছে। প্রায় দেড় বছর আগে কাজী অফিসে তাদের বিয়ে হয়। ৬ মাস আগে জেনেছি সালাউদ্দিন বিবাহিত। এ কথা শুনে কিছুদিন আগেও কমলনগর এসেছি। কিন্তু স্ত্রীর স্বীকৃতি পাইনি। ফের শুক্রবার (১৯ এপ্রিল) আবার লক্ষ্মীপুরে আসি। কিন্তু এবারও স্ত্রী স্বীকৃতি দেওয়া হয়নি। স্ত্রীর স্বীকৃতি চাওয়ায় আমার গায়ে আগুন লাগিয়ে দিয়েছে সালাউদ্দিন। এ বিষয়ে জানতে সালাউদ্দিনের মুঠোফোনে একাধিকবার কল করেও সাড়া মেলেনি। ঘটনার পর থেকে তার পরিবারের সদস্যরাও পলাতক রয়েছে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) হাফিজ উল্লাহ বলেন, বিয়ের কাগজপত্র নিয়ে আসার জন্য ওই তরুণীকে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু কিছুক্ষণ পর শুনি তিনি দগ্ধ অবস্থায় সালাউদ্দিনের বাড়ির তিন বাড়ির পরে একটি সয়াবিন ক্ষেতে পড়ে আছে। এ সময় তার পাশে কেরোসিনের বোতল, দিয়াশলাইয়ের বক্স, জুতা, ব্যাগ ও পুড়ে যাওয়া ওড়না পড়েছিল। ঘটনাস্থলে গিয়ে গ্রাম পুলিশের সহযোগীতা নিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

কমলনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আলমগীর হোসেন বলেন, ওই তরুণীর ব্যাগ থেকে কেরোসিনের গন্ধ পাওয়া গেছে। তিনি কেরোসিন নিজেই বহন করেছেন। ধারণা করা হচ্ছে, তিনি নিজের গায়ে নিজেই আগুন লাগিয়েছেন। তবে সত্য উদঘাটনে তদন্ত চলছে। লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার (এসপি) আ স ম মাহাতাব উদ্দিন বলেন, পুলিশ ঘটনাস্থল রয়েছে। এ ঘটনায় কয়েকজনকে ডাকা হয়েছে। তাদের সঙ্গে কথা বলে ঘটনাটি জানার চেষ্টা করা হচ্ছে। কালের কণ্ঠ।

ad

পাঠকের মতামত