293032

বকশীগঞ্জে স্কুলছাত্রী ধর্ষণ, বউ নিয় ফেরার পথে বর গ্রেপ্তার

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার মনোয়ার হোসেনকে (২৪) কারাগারে প্রেরণ করা হয়েছে। আজ রোববার আদালতের মাধ্যমে তাকে জামালপুর কারাগারে প্রেরণ করা হয়। এর আগে গতকাল শনিবার রাতে বিয়ে করে বউ নিয়ে বাড়ি ফেরার পথে উপজেলার সারমারার টালিয়াপাড়া নামক স্থান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মনোয়ার দেওয়ানগঞ্জ উপজেলার দফরপাড়ার রবিউল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৪ এপ্রিল বকশীগঞ্জ উপজেলার এক স্কুলছাত্রীকে প্রতিবেশী দেওয়ানগঞ্জ উপজেলার দফরপাড়ার মনোয়ার হোসেন ধর্ষণ করে। এ ঘটনায় একাধিকবার গ্রাম্য শালিস বসেও কোনো সমাধান হয়নি। এদিকে মনোয়ার হোসেনের বিয়ে ঠিক হয়। শনিবার রাতে বকশীগঞ্জ উপজেলার সারমারার টালিয়াপাড়া গ্রামে বিয়ে করতে যায় মনোয়ার হোসেন। সেখানে থেকে বউ নিয়ে ফেরার পথে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাহবুব আলম জানান, শনিবার রাতে ভুক্তভোগীর ভাই থানায় মামলা করেন। এরই পরিপ্রেক্ষিতে রাতেই তাকে গ্রেপ্তার করা হয়। রোববার সকালে মনোয়ার হোসেনকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। এদিকে ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

ad

পাঠকের মতামত