মহিলাদের মসজিদে প্রবেশাধিকার চেয়ে সুপ্রিম কোর্টে মামলা
ডেস্ক রিপোর্ট।। গত বছর ভারতের সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল, শবরীমালা মন্দিরের অভ্যন্তরে প্রবেশ করতে পারবেন মহিলারাও। সেই রায়ে ভরসা পেয়ে এবার মসজিদের ভেতরে মহিলাদের প্রবেশাধিকার ও প্রার্থনার অধিকার চেয়ে ভারতের শীর্ষ আদালতে মামলা করেছেন এক দম্পতি। টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, মহারাষ্ট্রের বাসিন্দা ইয়াসমিজ জুবের আহমেদ পিরজাদে এবং জুবের আহমেদ পিরজাদে মহিলাদের মৌলিক অধিকার খর্ব হচ্ছে দাবি করে সুপ্রিম কোর্টে মামলা করেন। মসজিদে মহিলাদের প্রবেশ এবং প্রার্থনা না করতে দেওয়া অসংবিধানক এবং বেআইনি বলেও দাবি করেন তারা।
দেশটির শীর্ষ আদালতে আবেদনের পর মঙ্গলবার এ মামলার শুনানি হয়। এ প্রসঙ্গে কেন্দ্রের পাশাপাশি জাতীয় মহিলা কমিশন, ওয়াকফ কাউন্সিল এবং অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডকে ব্যাখ্যা চেয়ে নোটিস জারি করে সুপ্রিম কোর্ট। ভারতে বর্তমানে জামাত-ই-ইসলামি এবং মুজাহিদ সম্প্রদায়ের মসজিদে মহিলাদের প্রার্থনা করতে দেওয়া হয়। কিন্তু সংখ্যাগরিষ্ঠ সুন্নি ধর্মবিশ্বাসীদের মসজিদে ঢোকার অনুমতি নেই কোন নারীর।




